India vs Australia: রোহিত আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কা মারার বিশ্বরেকর্ড দখলের মুখে, রাজকোটে গড়লেন নয়া নজির
India vs Australia: রাজকোটে তৃতীয় আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের জন্য ৩৫৩ রানের টার্গেট তাড়া করছে ভারত। ইতিমধ্যেই সাজঘরে ফিরে গিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও ওয়াশিংটন সুন্দর।
ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আজ ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা। আউট হলেন ব্যক্তিগত ৮১ রানে। তারই মধ্যে গড়ে ফেললেন ঈর্ষণীয় নজির।

আন্তর্জাতিক ক্রিকেটে এতদিন ৫৫০টি ছক্কা মারার মাইলস্টোন স্পর্শ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তনী ক্রিস গেইল। আজ বিশ্বের দ্বিতীয় তথা প্রথম ভারতীয় হিসেবে সেই নজির স্পর্শ করে ফেললেন রোহিত শর্মা। শুধু তাই নয়। ইউনির্ভাস বসের বিশ্বরেকর্ড ভাঙার মুখে হিটম্যান। দরকার আর মাত্র তিনটি ওভার বাউন্ডারি।
রোহিত আজ ৪৫১তম আন্তর্জাতিক ম্যাচে ৪৭১তম ইনিংসে ৬টি ছক্কা হাঁকিয়েছেন। যার ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ছয় মারার সংখ্যা হলো ৫৫১। ক্রিস গেইল ৪৮৩টি ম্যাচ খেলে ৫৫১ ইনিংসে টেস্ট, একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক মিলিয়ে ৫৫৩টি ছয় মেরেছেন। ফলে দ্রুততম ৫৫০ আন্তর্জাতিক ছয় মারার রেকর্ড ইতিমধ্যেই হিটম্যানের দখলে।
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারা ব্যাটারদের তালিকায় গেইল ও রোহিতের অনেক পিছনে রয়েছেন শাহিদ আফ্রিদি (৪৭৬), ব্রেন্ডন ম্যাকালাম (৩৯৮) ও মার্টিন গাপটিল (৩৮৩)। ভারতীয়দের মধ্যে রোহিতের পর মহেন্দ্র সিং ধোনি, তালিকার ষষ্ঠ স্থানে তিনি রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫৯টি ছক্কা মারার সুবাদে। বিরাট কোহলি মেরেছেন ২৮৩টি ছয়।
একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছয় মেরেছেন শাহিদ আফ্রিদি। ৩৯৮টি ম্যাচে ৩৬৯টি ইনিংসে তাঁর ৩৫১টি ছয় রয়েছে। দ্বিতীয় স্থানে ক্রিস গেইল, ৩০১ ম্যাচে ২৯৪ ইনিংসে ৩৩১টি ছক্কা মেরেছেন ইউনিভার্স বস। তালিকার তিনে রয়েছেন রোহিত, যাঁর ওডিআই ছয়ের সংখ্যা ২৯১।

সবকিছু ঠিকঠাক চললে বিশ্বকাপেই হিটম্যান প্রথম ভারতীয় হিসেবে ওডিআইয়ে ৩০০ ছক্কার মাইলস্টোন ছোঁবেন। কিংবা দুটি প্রস্তুতি ম্যাচ মিলিয়ে ৯টি ছয় মারলে বিশ্বকাপের আগেই গড়বেন সেই নজির। সনৎ জয়সূর্য ২৭০টি এবং মহেন্দ্র সিং ধোনি ২২৯টি ছয় মেরেছেন ওডিআইয়ে।
টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড রোহিতের দখলে রয়েছে। ১৪৮টি ম্যাচে ১৪০ ইনিংসে মেরেছেন ১৮২টি ছয়। তাঁর পরেই রয়েছেন মার্টিন গাপটিল (১৭৩টি ছয়)। অ্যারন ফিঞ্চ ১২৫, ক্রিস গেইল ১২৪ ও পল স্টার্লিং টি ২০ আন্তর্জাতিকে ১২৩টি ছয় মেরেছেন।
টেস্টে সবচেয়ে বেশি ১২৪টি ছয় মারার রেকর্ডের মালিক বেন স্টোকস। রোহিত টেস্টে মেরেছেন ৭৭টি ছয়। ধোনি মেরেছেন ৭৮টি, বীরেন্দ্র শেহওয়াগ ৯১টি। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত ওডিআই কেরিয়ারের ৫২তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৩১ বলে। পাঁচটি চার ও ৬টি ছয়ের সাহায্যে তিনি করেন ৫৭ বলে ৮১। গ্লেন ম্যাক্সওয়েলের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
ওয়াশিংটন সুন্দরকেও আউট করেন ম্যাক্সওয়েল। সুন্দর ১টি করে চার ও ছয়ের সাহায্যে ৩০ বলে ১৮ রান করেন। ৫টি চার ও একটি ছয়ের সাহায্যে বিরাট কোহলি ৬১ বলে ৫৬ রান করে ম্যাক্সওয়েলের তৃতীয় শিকার হন। শেষ পাওয়া খবরে, ভারত ৩২ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৩ রান তুলেছে।












Click it and Unblock the Notifications