India vs Australia: মোহালি অস্ট্রেলিয়ার দুর্গ! ODI দ্বৈরথে রাহুলের ভারতকে চিন্তায় রাখবে কোন পরিসংখ্যান?
India vs Australia: বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলবে ভারত। যার প্রথম ম্যাচ কাল মোহালির পিসিএ স্টেডিয়ামে।
ভারত এশিয়া কাপ জেতার পর বেশ কয়েকজন তারকাকে বিশ্রাম দিয়েছে প্রথম ম্যাচে। অস্ট্রেলিয়াও চোট-আঘাতের সমস্যায় পূর্ণশক্তির দল নামাতে পারছে না। অজিরা দক্ষিণ আফ্রিকায় ওডিআই সিরিজে হারার পর ভারতে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে।

মোহালির পিসিএ স্টেডিয়াম কিন্তু অস্ট্রেলিয়ার কাছে দুর্গ। এখানে অজিরা মোট ৭টি ওডিআই খেলেছে। তার মধ্যে একবারই মাত্র ভারতের কাছে হেরেছে। এই স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলে চারটিতে জয়লাভ করেছে অস্ট্রেলিয়া। ১৯৯৬ সালে টাইটান কাপের ম্যাচে সচিন তেন্ডুলকরের ভারতের কাছে মার্ক টেলরের নেতৃত্বাধীন অজিরা পরাস্ত হয়েছিল মাত্র ৫ রানে।
এই পরাজয়ের পর মোহালিতে অপরাজেয় থেকে ক্যাঙারু বাহিনী। মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া প্রথমবার দ্বৈরথটি হয়েছিল টাইটান কাপে, ১৯৯৬ সালে। এরপর ২০০৬ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে রাহুল দ্রাবিড়ের ভারতকে ২৬ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়েছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। ২০০৯ সালে পন্টিংয়ের নেতৃত্বে মহেন্দ্র সিং ধোনির ভারতকে ২৪ রানে হারায় অজিরা।

২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির ১২১ বলে অপরাজিত ১৩৯ রানের সৌজন্যে মোহালিতে ভারত ৯ উইকেটে ৩০৩ তুলেছিল। কিন্তু ৩ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় হাসিল করে নেয় অস্ট্রেলিয়া। ২০১৯ সালে মোহালিতে শেষ ওডিআই হয়েছে। সেটিতে বিরাট কোহলির ভারত ৯ উইকেটে ৩৫৮ তুলেও অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হেরে গিয়েছিল ১৩ বল বাকি থাকতে।
এ ছাড়াও অস্ট্রেলিয়া মোহালিতে ১৯৯৬ সালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ রানে ও ২০০৬ সালে নিউজিল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে দিয়েছিল। ফলে লোকেশ রাহুলের দলের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। কেন না, কালকের ম্যাচে জিতলে মোহালিতে অস্ট্রেলিয়ার দুর্গে ভারত আঘাত হানবে ২৭ বছর পর। রাহুলের নেতৃত্বে ভারত ৭টি ওডিআইয়ে জিতেছে চারটিতে, পরাজয় তিনটিতে।












Click it and Unblock the Notifications