ব্যাট হাতে অনবদ্য লড়াই অস্ট্রেলিয়ার, উইকেট তুলতে ব্যর্থ ভারত, ড্র হল রাঁচি টেস্ট
রাঁচি টেস্টের শেষদিনে ব্যাট হাতে অসাধারণ প্রতিরোধ গড়ে তুলল অস্ট্রেলিয়া। ফলে রাঁচি টেস্ট ড্র করে ফেলল অজি শিবির। ফলে শেষ টেস্টে ধর্মশালায় লড়াই আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।
রাঁচি, ২০ মার্চ : রাঁচি টেস্টের শেষদিনে ব্যাট হাতে অসাধারণ প্রতিরোধ গড়ে তুলল অস্ট্রেলিয়া। চতুর্থ দিন ১৫২ রানে পিছিয়ে থেকে দিনের শেষে ২ উইকেট হারিয়ে ২৩ রান করেছিল অস্ট্রেলিয়া। এদিন সেখান থেকে অসাধারণ প্রতিরোধ গড়ে শেষদিনে মাত্র ৪টি উইকেট খোয়ালেন স্টিভ স্মিথরা। ফলে রাঁচি টেস্ট ড্র করে ফেলল অজি শিবির।
এদিন ২ উইকেটে ২৩ অবস্থায় খেলতে নেমে দলের ৫৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। ১৪ রান করে আউট হন ম্যাট রেনশ। এরপরে ৬৩ রানের মাথায় অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেট পড়ে। ব্যক্তিগত ২১ রানের মাথায় আউট হন স্টিভ স্মিথ।

এইসময়ে মনে হচ্ছিল ভারত বুঝি চা পানের বিরতির পরই সব উইকেট তুলে নিয়ে সিরিজে এগিয়ে যাবে। তবে চিত্রনাট্যের পরিবর্তন এখান থেকেই। ব্যাট হাতে অনবদ্য প্রতিরোধ গড়ে তোলেন শন মার্শ (৫৩ রান) ও পিটার হ্যান্ডসকম্ব (৭২ রান)। দুজনে মিলে রক্ষণাত্মক ব্যাটিং করে ভারতের জয়ের আশায় জল ঢেলে দেন। শন মার্শ ১৯৭টি বল খেলেন ও হ্যান্ডসকম্ব ২০০টি বল খেলেন।
মার্শ শেষদিকে এসে আউট হয়ে গেলেও হ্যান্ডসকম্ব শেষপর্যন্ত অপরাজিত থাকেন। সবমিলিয়ে অস্ট্রেলিয়া ২০৪/৬ অবস্থায় পঞ্চম দিনের খেলা শেষ করে। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ৪টি, রবিচন্দ্রণ অশ্বিন ১টি ও ইশান্ত শর্মা ১টি উইকেট পেয়েছেন।
এই টেস্টে ম্যাচের সেরা হয়েছেন চেতেশ্বর পূজারা। এই টেস্টে দ্বিশতরান করেছেন তিনি। চার টেস্টের সিরিজে ভারত-অস্ট্রেলিয়া ১টি করে টেস্টে জিতেছে। রাঁচি টেস্ট ড্র হওয়ায় শেষ টেস্টে ধর্মশালায় লড়াই আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications