India vs Australia: মোহালিতে টস জিতে ফিল্ডিং নিল ভারত, চোট সারিয়ে ফিরলেন শ্রেয়স, সুযোগ অশ্বিন, ঋতুরাজকেও
India vs Australia: আজ মোহালিতে একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। এই স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার ট্র্যাক রেকর্ড যথেষ্ট ভালো। ২৭ বছর পর এখানে ওডিআইয়ে অজিদের হারাতে মুখিয়ে ভারত।
ভারতকে নেতৃত্ব দিচ্ছেন লোকেশ রাহুল। টস জিতে ফিল্ডিং নিয়েছে ভারত। এশিয়া কাপ ফাইনালের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছে ভারত।

মোহালির উইকেট পেসারদের সহায়তা প্রদান করে। আজকের ম্যাচের উইকেট শক্ত। ঘাস থাকলেও তা উইকেটের বাঁধুনি ঠিক রাখতে। বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যাটাররা এই পিচে বড় রান করার লক্ষ্যে থাকবেন। স্পিনাররা বিশেষ সুবিধা করতে পারবেন না। পেসারদের কাছেও চ্যালেঞ্জিং।
২০১৯ সালে এই মাঠে ভারত ৩৫৮ রান তুলেও অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। সেই ম্যাচের পর ফের এখানে ওডিআই হচ্ছে আজ, দুই দলের মধ্যেই। পিসিএ স্টেডিয়ামে রান তাড়া করে জেতার নজির রয়েছে বেশি। ভারতও সেই পরিসংখ্যানকে মাথায় রেখেই সিরিজে এগিয়ে যেতে চাইছে। লোকেশ রাহুল প্রথম দুই ম্যাচে ক্যাপ্টেন্সির দায়িত্বে। বিরাট কোহলি, রোহিত শর্মা, কুলদীপ যাদব, হার্দিক পাণ্ডিয়া নেই।
যাঁরা রয়েছেন তাঁদের নিয়েই অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী কেএল। বিশ্বকাপের দলে কোনও পরিবর্তন আনা হবে কিনা সেটাও দেখে নিতে চাইছে ম্যানেজমেন্ট। ওয়াশিংটন সুন্দরকে না খেলিয়ে আজ একাদশে রাখা হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে।
অক্ষর প্যাটেল চোটের কারণে প্রথম দুটি ম্যাচের বাইরে। তৃতীয় ম্যাচেও অনিশ্চিত। শেষ মুহূর্তে অশ্বিন বিশ্বকাপের দলে আসবেন কিনা সেটা দেখার। চোট সারিয়ে আজ খেলছেন শ্রেয়স আইয়ারও।

অস্ট্রেলিয়া দলেও অধিনায়ক প্যাট কামিন্স, স্টিভ স্মিথরা চোট সারিয়ে দলে ফিরলেন। টস জিতলে তিনিও বোলিং নিতেন বলে জানিয়েছেন কামিন্স। ট্রাভিস হেড চোটের কারণে ছিটকে যাওয়ায় ম্যাথু শর্টের আজ ওডিআই অভিষেক হচ্ছে।
ভারত- শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি।
অস্ট্রেলিয়া- ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, জশ ইনগ্লিস (উইকেটকিপার), মার্কাস স্টইনিস, ম্যাথু শর্ট, প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাডাম জাম্পা।












Click it and Unblock the Notifications