India vs Australia: সিরিজ জিতেও মাথাব্যথা ভারতের! দ্রাবিড়-রোহিতের উপরই বিষয়টি ছাড়লেন রাহুল
India vs Australia: মোহালির পর ইন্দোরেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিল ভারত। রাজকোটে বুধবার তৃতীয় তথা শেষ ওডিআই জিতলে হোয়াইটওয়াশ করে ফেলবে ভারত। ব্যাটে-বলে সকলেই ফর্মে রয়েছেন।
আর সেটাই বড় মাথাব্যথা হয়ে দাঁড়াল ভারতের। পরের ম্যাচেই দলে ফিরছেন বিশ্রামে থাকা তারকারা। এই অবস্থায় কাকে ছেড়ে কাকে বাদ দেওয়া হবে, তা নিয়েই চলছে চর্চা। সেরা একাদশ বাছা যে চ্যালেঞ্জিং, তা মানছেন লোকেশ রাহুল।

রোহিত শর্মা, বিরাট কোহলি, কুলদীপ যাদব ও হার্দিক পাণ্ডিয়াকে প্রথম দুটি ম্যাচের দলে রাখা হয়নি। দ্বিতীয় ম্যাচটি না খেলে ছোট ছুটিতে পরিবারের সঙ্গে কাটাচ্ছেন জসপ্রীত বুমরাহ। এঁরা সকলেই রাজকোট ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন। তাঁরা দলে এলে কারা বাদ পড়বেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
রোহিতের পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব সামলাতে গিয়ে সিরিজ জিতিয়ে দিলেন লোকেশ রাহুল। তিনি বলেন, আমি যখন প্রথম উইকেট দেখি ভাবিনি বল পরের দিকে এতটা ঘুরবে। তাছাড়া ৪০০ রানের টার্গেট দিতে পারায় আমরা আত্মবিশ্বাসী ছিলাম। এখন সেরা একাদশ বাছাইয়ের বিষয়টি হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার মাথাব্যথা বলে উল্লেখ করেন কেএল।

রাহুলের কথায়, যিনিই সুযোগ পাবেন তাঁকে দায়িত্ব পালন করতে হবে। রান করার পর বাইরে থাকা কঠিন, কিন্তু তা মানতেই হবে। দুই ম্যাচেই কয়েকটি ক্যাচ পড়েছে। তবে বিষয়টিকে খুব গুরুত্ব দেননি রাহুল। দলের ক্রিকেটাররা অল্প সময়ের মধ্যে এক শহর থেকে অন্য শহরে গিয়ে যেভাবে টানা খেলছেন, তারপরও সকলের যা ফিটনেস, তাতে সন্তুষ্ট তিনি।
শ্রেয়স আইয়ার রান পাচ্ছিলেন না। চাপ বাড়ছিল। আজ তিনে নেমে শতরান। সর্বাধিক রান করায় হলেন ম্যাচের সেরা। তবে তিনি জানিয়ে দিলেন, তিনে কোহলিই ব্যাট করবেন। যে কোনও পজিশনে খেলার জন্য প্রস্তুত শ্রেয়স। তিনি বলেন, গত কয়েক মাস কঠোর পরিশ্রম করেছি। টিভিতে ম্য়াচ দেখে ভাবতাম ড্রেসিংরুমে থাকব।
চোট সারিয়ে কামব্যাকের পর আজই প্রথম শতরানটি পেলেন শ্রেয়স। তিনি বলেন, দলের সঙ্গে যোগ দিতে পেরে ভালো লাগছে। ড্রেসিংরুমের পরিস্থিতি উপভোগ করছি। নিজের উপর বিশ্বাস ছিল। যা লক্ষ্য ছিল তা পূরণ করতে পেরে ভালো লাগছে। নেটে নিজের ব্যাটিং নিয়েও সন্তুষ্ট ছিলাম। শ্রেয়সের ইনিংস দেখে এনসিএর ভূমিকার প্রশংসা করেছেন রবি শাস্ত্রী।
দল সঠিক সময় মোমেন্টাম পেয়েছে বলে খুশি অপর শতরানকারী শুভমান গিল। গিল আজ একটা সময় ১৯ বলে ৯ রানে দাঁড়িয়ে ছিলেন। সেখান থেকে ৯২ বলে শতরান। রান করায় যে কোনও মুহূর্তে রান তোলার গতি পারবেন, এই বিশ্বাসটা ছিল শুভমানের।
সূর্যকুমার যাদব ও লোকেশ রাহুলের প্রশংসা করে গিল বলেন, চারশো তাড়া করা যে কোনও মাঠে কঠিন। বোলাররা দায়িত্ব পালন করেছেন। সুনীল গাভাসকর গিলের কাছে জানতে চান ৬টি চার ও চারটি ছয়ের মধ্যে কোনটি তাঁর পছন্দের। শুভমান বেছে নিলেন ক্যামেরন গ্রিনকে সোজা বাউন্ডারির বাইরে পাঠানোকেই।
অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের টস জিতে ফিল্ডিং নেওয়া সমালোচিত হচ্ছে। বিশেষ করে ছোট মাঠে এবং গরমের মধ্যে। স্মিথ নিজেও প্রথম বলেই আউট হলেন। সিরিজও হারতে হলো। স্মিথের কথায়, ম্যাচ চলাকালীন পিচের চরিত্র বদলেছে। তবে ভারত দারুণ ব্যাটিং করেছে। চারশো তোলা সব সময়ই বড় চ্যালেঞ্জ।
ইন্দোরের মাঠে রান তাড়া করে জেতার পরিসংখ্যানই যে তাঁকে টস জিতে ফিল্ডিং নিতে চালিত করে সেটা স্বীকার করেন স্মিথ। টানা পাঁচটি ম্যাচে হারার পর বিশ্বকাপের আগে বেশ কিছু খামতি মেটানোর প্রয়োজনীয়তাও অনুভব করছেন। তবে অস্ট্রেলিয়ার দল যে ভালো সে কথা উল্লেখ করেছেন। দুই দলই বিশ্বকাপকে মাথায় রেখেই এই সিরিজ খেলছে, তবে জেতাটাও জরুরি বলে মন্তব্য স্মিথের।












Click it and Unblock the Notifications