নাগপুরে ভারতের স্মরণীয় টেস্ট জয়, অস্ট্রেলিয়ার একাধিক লজ্জাজনক নজির, একনজরে পরিসংখ্যান
নাগপুর টেস্টে ইনিংস ও ১৩২ রানে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার ভারত। দ্বিতীয় ইনিংসে ৯১ রানে অল আউট হওয়া অস্ট্রেলিয়ার একাধিক লজ্জাজনক নজির।
নাগপুর টেস্ট আড়াই দিনে জিতে চার টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। বাকি তিনটির মধ্যে দুটি টেস্টে ভারত সরাসরি জিতলে কারও উপর নির্ভর না করেই পৌঁছে যাবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এদিনের জয়ের ফলে ভারতের সাফল্যের শতকরা হার হলো ৬১.৬৭, শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার ৭০.৮৩।

অজিদের বিরুদ্ধে ইনিংস জয়
রোহিত শর্মার দল এদিন জিতল ইনিংস ও ১৩২ রানে। টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংস জয় এই নিয়ে পঞ্চমবার। ১৯৯৮ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত জিতেছিল ইনিংস ও ২১৯ রানে। ২০১৩ সালে হায়দরাবাদে জয় এসেছিল ইনিংস ও ১৩৫ রানে। তারপর রইল এদিনের জয়। ১৯৭৯ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত জেতে ইনিংস ও ১০০ রানেষ ১৯৭৮ সালে সিডনি টেস্ট ভারত জিতেছিল ইনিংস ও ২ রানে। বর্ডার-গাভাসকর ট্রফি নামাঙ্কিত হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার অজিদের বিরুদ্ধে ইনিংস জয় নিশ্চিত করল ভারত।

লজ্জার নজির
নাগপুরে আজ অস্ট্রেলিয়া ৯১ রানে অল আউট হলো, বর্ডার-গাভাসকর ট্রফিতে যা ভারতের বিরুদ্ধে তাদের সর্বনিম্ন স্কোর। নাগপুর টেস্টে অস্ট্রেলিয়া দুই ইনিংস মিলিয়ে ২৬৮ রান তুলল। দুই ইনিংস সম্পূর্ণ হয়েছে এমন টেস্টে এই স্কোর সর্বনিম্ন। ২০০৪ সালে মুম্বই টেস্টে অস্ট্রেলিয়া ২০৩ ও ৯৩ রানে অল আউট হয়েছিল, দুই ইনিংস মিলিয়ে মোট রান ছিল ২৯৬। এশিয়ার মাটিতে দুই ইনিংস মিলিয়ে এটি অজিদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ১৯৫৬ সালে করাচি টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে করেছিল ২৬৭ রান।

অনবদ্য অশ্বিন
দেশের মাটিতে এদিন টেস্টে ২৫ বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। অনিল কুম্বলেও ভারতে টেস্টে ২৫ বার ইনিংসে পাঁচ উইকেট দখল করেছেন। শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ দেশের মাটিতে ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন ২৬ বার। টেস্টে দেশের মাটিতে সবচেয়ে বেশিবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি মুথাইয়া মুরলীধরনের (২৬ বার)।

অজিদের ডোবালেন বাঁহাতিরা
ভারতের বাঁহাতি ব্যাটাররা সকলেই নাগপুর টেস্টে অর্ধশতরান পেয়েছেন, সম্মিলিত ব্যাটিং গড় ৭৭। কিন্তু অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটাররা দুই ইনিংস মিলিয়ে মোট ৬৭ রান করেছেন। গড় ৬.৭। ২০১৯ সালে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটারদের গড় ছিল ৫.৮। তার পরেই রইল অজিদের এই লজ্জার নজির।

ভারতের দাপটে অস্ট্রেলিয়া দিশেহারা
অস্ট্রেলিয়ার ব্যাটাররা নাগপুরে ১০ বার লেগ বিফোরের কবলে পড়েছেন। ২০০১ সালে ইডেন টেস্টে এবং গত বছর গল টেস্টে অজি ব্যাটাররা ৯ বার লেগ বিফোর হয়েছিলেন। সেই নজির ভাঙল আজ। ২০১৬ সালে কানপুরে নিউজিল্যান্ড, ওই বছরই ইংল্যান্ডের ব্যাটাররা ১০ বার ভারতের বিরুদ্ধে লেগ বিফোর আউট হয়ে সাজঘরে ফেরেন। এই প্রথম ভারতের মাটিতে কোনও টেস্টে অস্ট্রেলিয়ার কেউ অর্ধশতরান পেলেন না। ২০২০ সালে মেলবোর্ন টেস্টে অজিদের ৮ উইকেটে হারিয়েছিল ভারত, সেই টেস্টেও কোনও অজি ব্যাটার ৫০ অবধি পৌঁছতে পারেননি।












Click it and Unblock the Notifications