ধর্মশালা টেস্ট : অস্ট্রেলিয়া ১৩৭ রানে অলআউট, ভারতের জিততে চাই ১০৬ রান
ধর্মশালায় শেষ টেস্টে অ্যাডভান্টেড ভারত। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৩৭ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস। ফলে ধর্মশালা টেস্ট ও সিরিজ জিততে ভারতের চাই মাত্র ১০৬ রান।
ধর্মশালা, ২৭ মার্চ : ধর্মশালায় শেষ টেস্টে অ্যাডভান্টেড ভারত। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৩৭ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস। ফলে ধর্মশালা টেস্ট ও সিরিজ জিততে ভারতের প্রয়োজন ছিল মাত্র ১০৬ রান। এই অবস্থায় ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে ভারত করেছে ১৯ রান। ক্রিজে রয়েছেন মুরলী বিজয় (৬ রান) ও কেএল রাহুল (১৩ রান)। এখন আর মাত্র ৮৭ রান তুলতে পারলেই ধর্মশালা টেস্ট ও সিরিজ ২-১ ব্যবধানে জিতবে ভারত।
এদিন বোর্ডে ৯২ রান উঠতে না উঠতেই ৫ উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার। গ্লেন ম্যাক্সওয়েল (৪৫ রান) ও ম্যাথু ওয়েড (২৫ রান) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে তা যথেষ্ট ছিল না। সবমিলিয়ে অস্ট্রেলিয়া শেষ করে ১৩৭ রানে।

দ্বিতীয় দিন শেষবেলায় ভারতের স্কোর ছিল ৬ উইকেটে ২৪৮। এই অবস্থায় খেলতে নেমে এদিন সকালে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যায় জাদেজা-সাহা জুটি। রবীন্দ্র জাদেজা প্যাট কামিন্সের বলে বোল্ড হওয়ার আগে ৬৩ রানের অনবদ্য ইনিংস খেলে যান।
এদিকে ঋদ্ধিমান সাহাও একদিক ধরে রেখেছিলেন। তবে ৩১ রানের বেশি করতে পারেনি। প্যাট কামিন্সের বলে তিনিও আউট হয়ে ফেরেন। ততক্ষণে অবশ্য ভারত লিড পেয়ে গিয়েছে। শেষপর্যন্ত ভারতের ইনিংস থামে ৩৩২ রানে। অর্থাৎ লিড ৩২ রানের।
এই অবস্থায় খেলতে নেমে তৃতীয় ইনিংসে শুরু থেকেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। অজি ইনিংসের ১০ রানের মাথায় ডেভিড ওয়ার্নারকে ৬ রানে তুলে নেন উমেশ যাদব। ঋদ্ধিমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওয়ার্নার। এরপরে স্টিভ স্মিথকে (১৭ রান) বোল্ড করেন ভুবনেশ্বর কুমার।
এরপরে ফের অজি শিবিরে আঘাত হানেন উমেশ যাদব। ফেরান ম্যাট রেনশ'-কে (৮ রান)। এছাড়া পিটার হ্যান্ডসকম্বকে (১৮ রান) ফেরান রবি অশ্বিন। আর জাদেজার বলে পূজারাকে ক্যাচ দিয়ে ফেরেন শন মার্শ (১ মার্চ)। ম্যাক্সওয়েল (৪৫ রান) ও জোস হ্যাজেলউড (০ রান) ফেরান অশ্বিন। এদিকে প্যাট কামিন্স (১২ রান) ও স্টিভ ও'কীফকে (০ রান) ফেরান রবীন্দ্র জাদেজা। উমেশ যাদব শেষদিকে ফেরান নাথন লিয়ঁনকে (০ রান)।
এদিন ভারতের হয়ে অশ্বিন, উমেশ যাদব ও জাদেজা ৩টি করে এবং ভুবনেশ্বর কুমার ১টি উইকেট পেয়ে অজি ব্যাটিংয়ের কোমর ভেঙে দেন।












Click it and Unblock the Notifications