India vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড রান ভারতের, ক্যামেরন গ্রিন এড়াতে পারলেন না লজ্জার নজির
India vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে ভারত সর্বাধিক রান তুলল আজ। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। টস হেরে ব্যাট করতে বাধ্য হয়ে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯৯ রান তুলেছে লোকেশ রাহুলের দল।
শুভমান গিল ও শ্রেয়স আইয়ার ব্য়াট হাতে শতরান করেছেন। আর বল হাতে সেঞ্চুরির লজ্জার রেকর্ড গড়লেন ক্যামেরন গ্রিন। ১০ ওভারে ১০৩ রানের বিনিময়ে তিনি পেয়েছেন ২টি উইকেট। আউট করেছেন শুভমান গিল ও লোকেশ রাহুলকে।

বিশ্বের সপ্তদশ বোলার হিসেবে ১০০ রানের বেশি খরচ করলেন গ্রিন। অস্ট্রেলিয়ার চতুর্থ বোলার হিসেবে।ওডিআই ম্যাচে কোনও ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড যুগ্মভাবে দুই অজি বোলারেরই দখলে। ২০০৬ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০ ওভারে ১১৩ রান দিয়েছিলেন মাইকেল লুইস। চলতি মাসে সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের বিরুদ্ধেই অ্যাডাম জাম্পাও খরচ করেন ১১৩ রান।
২০১৮ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যান্ড্রু টাই ৯ ওভারে ১০০ রান দিয়েছিলেন। আজ টাইকে টপকে গেলেন গ্রিন। পাকিস্তানের ওয়াহাব রিয়াজ নটিংহ্যামে ১০ ওভারে ১১০ রান দিয়েছিলেন ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। আফগানিস্তানের রশিদ খান ২০১৯ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে খরচ করেছিলেন ৯ ওভারে ১০০ রান।
একদিনের আন্তর্জাতিকে ১০০ রান দেওয়া বোলারদের তালিকায় নাম রয়েছে দুই ভারতীয়র। ২০১৫ সালে ওয়াংখেড়েতে ভুবনেশ্বর কুমার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০ ওভারে ১০৬ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন। ২০১৩ সালে আর বিনয় কুমার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ ওভারে ১০২ রান খরচ করে একটি উইকেট পেয়েছিলেন।
এ ছাড়াও যে বোলাররা একদিনের আন্তর্জাতিকে ১০০ বা তার বেশি রান খরচ করেছেন তাঁরা হলেন নেদারল্যান্ডসের ফিলিপ বইয়েভেন, শ্রীলঙ্কার নুয়ান প্রদীপ, নিউজিল্যান্ডের মার্টিন স্নেডেন, জ্যাকব ডাফি ও টিম সাউদি, জিম্বাবোয়ের ব্রায়ান ভিতোরি, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, আফগানিস্তানের দৌলত জাদরান, পাকিস্তানের হাসান আলি।

অস্ট্রেলিয়ার শন অ্যাবট আজ ১০ ওভারে ৯১ রান দিয়েছেন। তিনি অল্পের জন্য এড়াতে পেরেছেন বল হাতে সেঞ্চুরির লজ্জার রেকর্ড।
২০১৩ সালে বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ৬ উইকেটে ৩৮৩ রান তুলেছিল। সেটাই এতদিন ছিল একদিনের আন্তর্জাতিকে অজিদের বিরুদ্ধে ভারতের সর্বাধিক স্কোর। সেই নজির টপকে ভারত আজ ৪০০ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তানের পর ভারত চতুর্থ দল যারা এক রানের জন্য ৪০০ রানের মাইলস্টোন স্পর্শ করতে পারল না।












Click it and Unblock the Notifications