India vs Australia T20Is: ভারত-অস্ট্রেলিয়া টি ২০ আন্তর্জাতিক সরছে হায়দরাবাদ থেকে, কারণ কী? দৌড়ে কি কলকাতা?
India vs Australia T20Is: ৫০ ওভারের বিশ্বকাপ শেষের দিকে। আগামী বছর টি ২০ বিশ্বকাপ। চলতি মাস থেকেই সেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া।
১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল। তারপরই ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। দুই দেশের বেশ কয়েকজন তারকাকে এই সিরিজে থাকবেন না। তবে পারস্পরিক শক্তি যাচাইয়ে ভারত-অস্ট্রেলিয়া টি ২০ সিরিজের গুরুত্ব অনেকটাই।

এরই মধ্যে এই সিরিজ আয়োজন নিয়েও দেখা দিল প্রশ্নচিহ্ন। হায়দরাবাদ থেকে সরল পঞ্চম টি ২০ আন্তর্জাতিক। তেলেঙ্গানা বিধানসভার নির্বাচনের ফল ঘোষণা রয়েছে। ফলে একই দিনে ভারত-অস্ট্রেলিয়া টি ২০ ম্যাচ আয়োজন সম্ভব নয়, তা স্পষ্ট করে দিয়েছে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। পুলিশি নিরাপত্তা পাওয়াই মূল সমস্যা বলে জানা যাচ্ছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজের জন্য ভারতীয় দল এখনও ঘোষণা করা হয়নি। প্রথম টি ২০ আন্তর্জাতিক ২৩ নভেম্বর বিশাখাপত্তনমে। অর্থাৎ রবিবার বিশ্বকাপ ফাইনালের পর বৃহস্পতিবারই শুরু হবে দ্বিপাক্ষিক টি ২০ সিরিজ। ২৬ নভেম্বর তিরুবনন্তপুরম, ২৮ নভেম্বর গুয়াহাটি ও ১ ডিসেম্বর নাগপুরে হবে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টি ২০ আন্তর্জাতিক।
পঞ্চম টি ২০ আন্তর্জাতিক হওয়ার কথা ডিসেম্বরের ৩ তারিখ। ম্যাচটি দেওয়া হয়েছিল হায়দরাবাদে। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে নবনির্বাচিত কমিটি অবশ্য দায়িত্ব নিয়ে শুরুতেই ধাক্কা খেল। এইচসিএ-র এক প্রতিনিধি ক্রিকবাজকে জানিয়েছেন, ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টি ২০ আন্তর্জাতিকটি হবে না হায়দরাবাদে।
নভেম্বরের ৩০ তারিখ তেলেঙ্গানা বিধানসভার ভোট। ফল ঘোষণা ডিসেম্বরের ৩ তারিখ। সে কারণেই ওইদিন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ হবে না নিজামের শহরে। এই পরিস্থিতিতে শেষ টি ২০ আন্তর্জাতিকটি কোথায় হবে তা চূড়ান্ত করবে বিসিসিআই। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এই ম্যাচটি আয়োজনের দায়িত্বে পেতে পারে বেঙ্গালুরু।
বেঙ্গালুরু দৌড়ে এগিয়ে থাকলেও কটকেও ম্যাচটি হতে পারে বলে মনে করা হচ্ছে। যা স্পষ্ট হবে শীঘ্রই। তবে কোনওভাবেই ম্যাচটি কলকাতায় আসার সম্ভাবনা নেই।












Click it and Unblock the Notifications