IND vs AFG: আফগানিস্তানকে হোয়াইটওয়াশের হাতছানি! ভারত রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাইয়ে কাদের সুযোগ দেবে?
IND vs AFG: মোহালি ও ইন্দোরে আফগানিস্তানকে রান তাড়া করে হারিয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজ তাই ইতিমধ্যেই পকেটে চলে এসেছে। কাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে জিতলেই সিরিজ হোয়াইটওয়াশ নিশ্চিত হবে।
টি২০ বিশ্বকাপের আগে এটিই ভারত ও আফগানিস্তানের শেষ টি২০ আন্তর্জাতিক। ফলে আফগানরা যেমন ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়াতে চাইবে, তেমনই ভারতীয় দল নিয়মরক্ষার ম্যাচে যাচাই করতেই পারে রিজার্ভ বেঞ্চের শক্তি।

২০১৯ সালে শেষবার দেশের মাটিতে টি২০ সিরিজ হেরেছিল ভারত। অস্ট্রেলিয়ার কাছে। তারপর থেকে চলতি সিরিজ ধরলে ভারত সিরিজ জিতেছে ১৩টি, ড্র হয়েছে ২টি। ২০১৯ ও ২০২২ সালে দুটি টি২০ সিরিজ এ দেশ থেকে ড্র করে ফিরেছিল দক্ষিণ আফ্রিকা। তারপর থেকে দেশের মাটিতে চলতি সিরিজ নিয়ে টানা ৬টি সিরিজে বাজিমাত করেছে ভারত।
চলতি সিরিজ থেকেই টি২০ বিশ্বকাপে ভারতীয় দল সম্পর্কে আঁচ করা ঠিক হবে না। তবে অধিনায়ক রোহিত শর্মা নিশ্চিতভাবে ব্যাটে রান পেতে চাইবেন। কেন না, প্রথম দুটি ম্যাচেই তিনি শূন্য রানে আউট হয়েছেন। শুভমান গিল, তিলক বর্মাদের কালকের ম্যাচেও সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
ভারতীয় দল রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই করতে পারে। সেক্ষেত্রে কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন ও আবেশ খান প্রথম একাদশে আসবেন কিনা তা নিয়ে চর্চা চলছে। স্যামসনকে দেখে নেওয়া হতে পারে জিতেশ শর্মার জায়গায়। চলতি সিরিজে দাগ কাটতে ব্যর্থ রবি বিষ্ণোইয়ের জায়গায় আসতে পারেন অভিজ্ঞ কুলদীপ। মুকেশ কুমারকে বসিয়ে আবেশকে নেওয়া হতে পারে।
চিন্নাস্বামীর উইকেট বরাবরই ব্যাটারদের জন্য স্বর্গ হিসেবে উপস্থাপিত হয়। যদিও ৫০ ওভারের বিশ্বকাপের পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ভারতের যে ম্যাচটি হয়েছিল তাতে দাপট দেখিয়েছিলেন স্পিনাররা। ভারত ১৬০ রানের পুঁজি নিয়েও ৬ রানে ম্যাচ জিতেছিল। তবে কালকের ম্যাচের জন্য ফ্রেশ উইকেটই বানানো হয়েছে।
ফলে মনে করা হচ্ছে, কালকের ম্যাচ চিন্নাস্বামীর চিরাচরিত উইকেটের মতোই আচরণ করতে পারে। উইকেটে ঘাসের আস্তরণ থাকলেও ম্যাচের আগে ততটা ঘাস থাকবে না বলেই মনে করা হচ্ছে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। মনোরম পরিবেশেই হতে চলেছে এই টি২০ আন্তর্জাতিক। আফগানিস্তান দলে তেমন রদবদলের সম্ভাবনা নেই।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শিবম দুবে, জিতেশ শর্মা বা সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, অক্ষর প্য়াটেল, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রবি বিষ্ণোই বা কুলদীপ যাদব, আবেশ খান বা মুকেশ কুমার।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান (অধিনায়ক), গুলাবদিন নঈব, আজমাতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নূর আহমেদ বা কাইস আহমেদ, নবীন উল হক, ফজলহক ফারুকি।












Click it and Unblock the Notifications