ক্রিকেটীয় দক্ষতা নয়, মনোভাবে রয়েছে তিন ফোঁকর! সিরিজ পরাজয়ের বিরাট-ব্যাখ্যা
ওডিআই সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ ফলে জিতেছে অস্ট্রেলিয়া। বিরাট কোহলির মতে মানসিকতার দিক থেকেই অজিদের থেকে পিছিয়ে ছিল ভারত।
আবেগ, খিদে, এবং হৃদয় - এই তিনেই অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে ছিল ভারত এমনটাই মনে করছেন অধিনায়ক বিরাট কোহলি। সিরিজে প্রথম দুই ম্যাচে জিতে ভারত ২-০ ফলে এগিয়ে ছিল। কিন্তু রাঁচি, মোহালি ও নয়াদিল্লির শেষ তিন ম্যাচে দারুণভাবে ফিরে এসে ভারতের নাকের ডগা থেকে ট্রফি জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এই পরাজয়ের জন্য ক্রিকেটিয় দক্ষতার খামতি নয়, দলের মনোভাব নিয়েই প্রশ্ন তুলেছেন বিরাট।

ফিরোজ শাহ কোটলায় হারের পর বিরাট জানিয়েছেন, লক্ষ্যটা ধরা-ছোঁয়ার মধ্যেই ছিল। কিন্তু, যোগ্য দল হিসেবেই জিতেছে অস্ট্রেলিয়া। কারণ, তাঁর মতে ভারতের থেকে অস্ট্রেলিয়া জয়ের জন্য অনেক বেশি আবেগ, অনেক বেশি খিদে আর হৃদয় নিয়ে খেলেছে। চাপের মুখে দারুণ সাহসের পরিচয় দিয়েছে।
তবে বিশ্বকাপ নিয়ে এরপরেও আত্মবিশ্বাসী তিনি। তাঁর দাবি এই সিরিজ পরাজয়ে তাঁদের বিশ্বকাপের পরিকল্পনা মোটেই গুলিয়ে যায়নি। তাঁর আশা, এই সিরিজের ভুলগুলি শুধরে নিয়ে বিশ্বকাপে দলের সদস্যরা অনেক বেশি আবেগ, জয়ের খিদে আর সাহসী হৃদয়ের পরিচয় দেবেন। তাই তিনি বলছেন, গত কয়েক মাসে একটানা জয়ের পর এই পরাজয় আশীর্বাদের মতো।












Click it and Unblock the Notifications