India U-19 Squad: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য় ভারতীয় দল ঘোষিত, নাম নেই বাংলার কারও
India U19 Squad: ভারতের অনূর্ধ্ব ১৯ দল এখন দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত এশিয়া কাপ খেলছে। সেমিফাইনালে উঠেছে। এরপর দক্ষিণ আফ্রিকায় খেলবে ত্রিদেশীয় সিরিজ।
সেই সিরিজের পরই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। আজ বিসিসিআইয়ের জুনিয়র সিলেকশন কমিটি ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য ভারতীয় দল বেছে নিয়েছে। তবে সেই দলে ঠাঁই হয়নি বাংলার কোনও ক্রিকেটারের।

এশিয়া কাপ খেলে ভারতের অনূর্ধ্ব ১৯ দল দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেবে। ত্রিদেশীয় সিরিজে সেখানে খেলবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে। এই সিরিজ শুরু হবে ২৯ ডিসেম্বর। চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ত্রিদেশীয় সিরিজের পর দক্ষিণ আফ্রিকাতেই বিশ্বকাপের প্রস্তুতি নেবে ভারত।
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারত গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে হেরেছে। যদিও ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ হওয়ার পথ খোলাই রয়েছে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত রয়েছে এ গ্রুপে। বাংলাদেশ, আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ভারত। ২০ জানুয়ারি বাংলাদেশ, ২৫ তারিখ আয়ারল্যান্ড ও ২৮ তারিখ আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলা রয়েছে।
বিশ্বকাপের ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি বেনোনিতে। ভারত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলতে নামবে খেতাব দখলে রাখার লক্ষ্য নিয়ে। বাংলাদেশ জিতেছিল ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। সুপার সিক্স পর্বের পর থাকছে সেমিফাইনাল। ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দলে চমক নেই। তবে বাংলার কোনও ক্রিকেটারের না থাকা মোটেই আশাব্যাঞ্জক নয় সিএবির কাছে।
ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের জন্য ভারতের অনূর্ধ্ব ১৯ দল- আরশিন কুলকার্নি (মহারাষ্ট্র), আদর্শ সিং (উত্তরপ্রদেশ), রুদ্র ময়ূর প্যাটেল (গুজরাত), সচিন ধাস (মহারাষ্ট্র), প্রিয়াংশু মোলিয়া (বরোদা), মুশির খান (মুম্বই), পাঞ্জাবের উদয় সাহারান (অধিনায়ক), হায়দরাবাদের আরাবেল্লী অবিনাশ রাও (উইকেটরক্ষক), মধ্যপ্রদেশের সাউমি পাণ্ডে (সহ অধিনায়ক), মুরুগান অভিষেক (হায়দরাবাদ), হিমাচল প্রদেশের ইন্নেশ মহাজন (উইকেটকিপার), ধনুশ গৌড়া (কর্নাটক), আরাধ্য শুক্লা (পাঞ্জাব), রাজ লিম্বানি (বরোদা), নমন তিওয়ারি (উত্তরপ্রদেশ)।
ট্রাভেলিং রিজার্ভ হিসেবে ত্রিদেশীয় সিরিজে যাবেন মুম্বইয়ের প্রেম দেবকর, সৌরাষ্ট্রের অংশ গোসাই ও উত্তরপ্রদেশের মহম্মদ আমান। ব্যাক আপ প্লেয়ার হিসেবে রাখা হয়েছে মহারাষ্ট্রের দিগ্বিজয় পাতিল, হরিয়ানার জয়ন্ত গয়াত, তামিলনাড়ুর পি ভিগনেশ, মহারাষ্ট্রের কিরণ চোরমালেকে।












Click it and Unblock the Notifications