IND vs BAN: টি২০ সিরিজ একের পর এক জিতছে ভারত, এবার বিধ্বস্ত বাংলাদেশ
IND vs BAN: টি২০ বিশ্বকাপ জেতার পর দ্বিপাক্ষিক টি২০ সিরিজ জয়ের হ্যাটট্রিক সেরে ফেলল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের বিরুদ্ধে এদিন সিরিজ জয় নিশ্চিত করল সূর্যকুমার যাদবের দল।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ২২২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল বাংলাদেশের সামনে। ভারতীয় বোলারদের দাপটের কাছে মাথা তুলতেই পারেননি নাজমুল হোসেন শান্তর দলের ব্যাটাররা। বিরাট জয় নিশ্চিত করে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল মেন ইন ব্লু।

আজ টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ভারত ২২১ রান তোলে। নীতীশ কুমার রেড্ডি ৩৪ বলে ৭৪ ও রিঙ্কু সিং ২৯ বলে ৫৩ করেন। সঞ্জু স্যামসন ৭ বলে ১০, অভিষেক শর্মা ১১ বলে ১৫, সূর্যকুমার যাদব ১০ বলে ৮, হার্দিক পাণ্ডিয়া ১৯ বলে ৩২, রিয়ান পরাগ ৬ বলে ১৫, অর্শদীপ সিং ২ বলে ৬ রান করেন।
রিশাদ হোসেন তিনটি এবং তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান ২টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে বাংলাদেশ তৃতীয় ওভার থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। ফের শান্তর দলকে ডোবাল টপ ও মিডল অর্ডার।
পারভেজ হোসেন ইমন ১৬, লিটন দাস ১৪, নাজমুল হোসেন শান্ত ১১, তৌহিদ হৃদয় ২, মেহিদি হাসান মিরাজ ১৬, জাকের আলি ১, রিশাদ হোসেন ৯, তানজিম হাসান সাকিব ৮ রান করেন। একমাত্র কিছুটা লড়াই চালালেন মাহমুদউল্লাহ। যদিও তা বাংলাদেশের সিরিজ বাঁচিয়ে রাখার পক্ষে যথেষ্ট ছিল না। বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটে ১৩৫ রানের বেশি তুলতে পারেনি।
মাহমুদউল্লাহ ৩৯ বলে সর্বাধিক ৪১ রান করেন। অর্শদীপ সিং প্রথম ওভার করার পর নীতীশের হাতে বল তুলে দেন সূর্যকুমার যাদব। ব্যাট হাতে দলের হয়ে সবচেয়ে বেশি রান করার পর নীতীশ বল হাতে ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট দখল করেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে নেন ২ উইকেট।
ভারতের হয়ে এদিন বোলিং করেন সাতজন ক্রিকেটার। সকলেই উইকেট পেয়েছেন। অর্শদীপ সিং ৩ ওভারে ২৬, ওয়াশিংটন সুন্দর ১ ওভারে ৪, অভিষেক শর্মা ২ ওভারে ১০, ময়াঙ্ক যাদব ৪ ওভারে ৩০ ও রিয়ান পরাগ ২ ওভারে ১৬ রান খরচ করে একটি করে উইকেট দখল করেন। সিরিজের শেষ ম্যাচ শনিবার হায়দরাবাদে।












Click it and Unblock the Notifications