India vs Australia: বিশ্বকাপের আগে ভাইরাস হানা ভারতীয় শিবিরে, রোহিতের কথায় বাড়ল চিন্তা
India vs Australia: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত হয়ে গিয়েছে। কাল রাজকোটে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই ভারত নিশ্চিত করবে হোয়াইটওয়াশ।
যদিও কালকের ম্যাচে মাত্র ১৩ জন ক্রিকেটারের মধ্যে থেকেই একাদশ বাছতে হবে রোহিত শর্মাদের। ইতিমধ্যেই ভাইরাসজনিত অসুস্থতায় ভুগছেন কয়েকজন ক্রিকেটার।

ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি প্রথম দুটি ম্যাচে খেলেননি। তাঁরা দুজনেই কাল দলে ফিরছেন। রোহিতের কথায়, আমাদের দলের কয়েকজন অসুস্থ, কয়েকজনকে পাওয়া যাবে না। ব্যক্তিগত কারণে কয়েকজন বাড়ি গিয়েছেন। গিলকে বিশ্রাম দেওয়া হয়েছে। মহম্মদ শামি, হার্দিক পাণ্ডিয়া ও শার্দুল ঠাকুর বাড়িতে গিয়েছেন বলে জানান রোহিত।
হার্দিক পাণ্ডিয়াও প্রথম দুটি ম্যাচে খেলেননি। তাঁরও কালকের ম্যাচে খেলার কথা ছিল। কিন্তু হার্দিককে পাচ্ছে না ভারত। চোট না সারায় নেই অক্ষর। এর পাশাপাশি ভাইরাসজনিত অসুস্থতায় কয়েকজন ভুগছেন। ফলে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা মেনে নিয়েছেন রোহিত। এই অবস্থায় কিছু করার নেই বলেও জানান তিনি।

রোহিত বলেন, আগামী কয়েকটা সপ্তাহ আমাদের সকলের কাছে গুরুত্বপূর্ণ। সকলের ভালো থাকাটাও জরুরি। যাঁরা বাড়িতে রয়েছেন তাতে ঠিকই আছে। বিশ্বকাপের সময় সকলে তরতাজা হয়ে মাঠে ফিরবেন, সেটাই আমরা চাইছি। শেষ ১০টি ম্যাচে আমরা যেভাবে খেলেছি তাতে আমি খুশি। বোলাররা উইকেট পেয়েছেন। ব্যাটারদের রান পাওয়াটাও গুরুত্বপূর্ণ।
চোট সারিয়ে কামব্যাক করা লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারের রানে ফেরাও স্বস্তি দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। জানা যাচ্ছে, কাল প্রয়োজন পড়লে সৌরাষ্ট্রের কয়েকজন ক্রিকেটারকে পরিবর্ত ফিল্ডারের ভূমিকায় দেখা যাবে।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ।












Click it and Unblock the Notifications