IND vs ENG: শেষ তিন ম্যাচেও নেই কোহলি, দলে ফিরলেন কারা? বাংলা থেকে সুযোগ পেলেন আরও একজন
অবশেষে সব জল্পনার অবসান। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটি টেস্ট ম্যাচের জন্য ঘোষিত হল ভারতীয়। প্রথম দুই ম্যাচের মতোই শেষ তিনটি ম্যাচেও দলে নেই কোহলি। কেএল রাহুল এবং রবীন্দ্র জাদেজা ফিরলেও তাদের খেলা নির্ভর করছে ফিটনেসের উপর। মুকেশ কুমারের পাশাপাশি বাংলা থেকে সুযোগ পেলেন আরও এক ক্রিকেটার। প্রথমবার টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন আকাশদীপ।
শুক্রবার নির্বাচকরা পরবর্তী তিনটি টেস্ট ম্যাচের দলগঠন নিয়ে অনলাইনে আলোচনায় বসেছিলেন। সেখানেই কোহলি জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত কারণে সিরিজের বাকি তিনটি টেস্ট ম্যাচে তাঁর পক্ষে খেলা সম্ভব হবে না। শনিবার সকালে বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ব্যক্তিগত কারণে শেষ তিন ম্যাচে খেলতে পারবেন না। বিরাটের ব্যক্তিগত কারণ নিয়ে চর্চা না করে, এই সময় সেটাকে সম্মান করার জন্য ফ্যান এবং মিডিয়ার কাছে আর্জি জানিয়েছে বোর্ড।

চোটের কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল। কেএল রাহুল, যিনি কোয়াড স্ট্রেনের জন্য ছিটকে গিয়েছিলেন। জাদেজা প্রথম টেস্টের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। দলে তাঁদের ফেরানো হলেও বোর্ডের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, বিসিসিআইয়ের মেডিকেল টিমের সবুজ সংকেত পাওয়ার পরই তাঁদের খেলানোর সিদ্ধান্ত নেওয়া হবে।
আশঙ্কাইকে সত্যি করেই শেষ তিনটি টেস্ট ম্যাচে দলে নেই শ্রেয়স আইয়ারও। পুরানো চোটের জায়গায় ফের সমস্যা শুরু হয়েছে বলে শোনা গিয়েছিল, বোর্ডের বিবৃতিতে শ্রেয়সের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।
দুটি টেস্ট ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা হয়ে গিয়েছে ফল ১-১। তৃতীয় টেস্ট রাজকোটে। খেলা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। ২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু রাঁচীতে। সিরিজ়ের শেষ টেস্ট হবে ৭ মার্চ থেকে। খেলা হবে ধর্মশালায়। ১১ মার্চ সিরিজ শেষ হওয়ার কথা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই ৫ টেস্ট ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারতীয় দল- রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, কেএল রাহুল, রজত পাটীদার, সরফরাজ খান,ধ্রুব জুড়েল, কেএস ভর, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশদীপ।












Click it and Unblock the Notifications