নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলে দুটি পরিবর্তন চান গাভাসকর, স্পিন নিয়ে পরামর্শ মঞ্জরেকরের
টি ২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার দুবাইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। পাকিস্তান ম্যাচে পরাজয় নিয়ে নানা খুঁটিনাটি বিশ্লেষণ চলছে। কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সুনীল গাভাসকর দুটি পরিবর্তন চাইছেন। স্পিন বোলিং কেমন হওয়া উচিত তা নিয়ে পরামর্শ দিয়েছেন সঞ্জয় মঞ্জরেকর।

টি ২০ বিশ্বকাপের ভারতীয় দলে দুটি পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন সুনীল গাভাসকার। প্রাক্তন এই ভারত অধিনায়কের মতে, ঈশান কিষাণকে ফিনিশারের ভূমিকা পালনের জন্যও নামানো যেতে পারে। ভুবনেশ্বর কুমারের জায়গায় শার্দুল ঠাকুরকে খেলানোরও পক্ষপাতী সানি। ভুবনেশ্বর কুমার একেবারেই ছন্দে নেই। পাকিস্তান ম্যাচে ২৫ রানের বিনিময়ে একটি উইকেটও পাননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ২৭ রান দিয়ে একটি উইকেট পেয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে উইকেট পাননি, ৫৪ রান খরচ করেছিলেন। আইপিএলে সংযুক্ত আরব আমিরশাহীতে ৬ ম্যাচে মাত্র তিনটি উইকেট পেয়েছিলেন ভুবনেশ্বর। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টি ২০ ম্যাচে তিনি চার উইকেট নিয়েছিলেন। তারপর থেকে একেবারেই ফর্মে নেই। অন্যদিকে, শার্দুল ঠাকুর আইপিএলের দ্বিতীয়ার্ধে ৮ ম্যাচে ১৫ উইকেট পেয়েছেন। বিশেষ করে ডেথ ওভারে চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আস্থা অর্জন করে ভরসা জুগিয়েছিলেন। আইপিএলে ২১টি উইকেট পান শার্দুল। আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে শার্দুলকে রিজার্ভ তালিকা থেকে বিশ্বকাপের দলে নেওয়া হয়। শার্দুল ঠাকুর ঝোড়ো ইনিংস খেলাতেও পারদর্শী।
Fast & Accurate!#TeamIndia #T20WorldCup pic.twitter.com/g6pVfKDsJ7
— BCCI (@BCCI) October 29, 2021
তবে পাকিস্তান ম্যাচে ভারতের হারের পর প্রথম একাদশে খুব বেশি রদবদল করতেও বারণ করছেন সুনীল গাভাসকর। তাঁর কথায়, খুব বেশি বদল আনলে মনে হবে গোটা দল প্যানিকড। যার কোনও দরকার নেই। কারণ, ভারত ভালো দলের কাছেই পরাজিত হয়েছে। তবে তার অর্থ এই নয় যে ভারত আর জিতবে না বা টুর্নামেন্টেই জিততে পারবে না। সামনের ম্যাচগুলি জিতলে ভারত সেমিফাইনালে উঠতে পারে এবং সম্ভবত বিশ্বচ্যাম্পিয়নও হতে পারে। ফলে প্যানিকের দরকার নেই, দরকার নেই খুব বেশি পরিবর্তনেরও।
ভারতের স্পিন বোলিং আক্রমণে পরিবর্তনের পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তিনি বলেছেন, ভারতীয় দলে এমন স্পিনার রাখা উচিত যাঁরা উইকেট নিতে পারেন। ইকনমির দিকে মনোনিবেশ না করে যিনি উইকেট নিতে পারবেন, আমি তাঁকেই দলে রাখার পক্ষপাতী। জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনরা উইকেট নেওয়ার চেয়ে ইকনমিকে বেশি গুরুত্ব দেন বলেও মত মঞ্জরেকরের। তাঁর কথায়, ভারতকে ম্যাচ জিততে হলে নিয়মিত ব্যবধানে উইকেট পেতে হবে। জাদেজাকে দিয়ে পুরো চার ওভার কথা ভারতের ভাবা উচিত নয় বলেই মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, জাদেজা তৃতীয় স্পিনার হিসেবে কয়েক ওভার করুন, কিন্তু চার ওভার নয়। উল্লেখ্য, পাকিস্তান ম্যাচে ভারত একটিও উইকেট তুলতে পারেনি। বরুণ চক্রবর্তী চার ওভারে ৩৩ ও রবীন্দ্র জাদেজা চার ওভারে ২৮ রান দেন। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজে শেষবার টি ২০ আন্তর্জাতিক খেললেও আইপিএলে দিল্লি ক্যাপিটালসে খেলার সুবাদে দুবাইয়ের উইকেটের সঙ্গে পরিচিত অশ্বিন। যুজবেন্দ্র চাহাল বিশ্বকাপের দলে নেই। তাই নিউজিল্যান্ড ম্যাচে অভিজ্ঞ অশ্বিনকে দলে রাখার দাবি জোরালো হচ্ছে। তবে ভারতীয় দল স্পিন আক্রমণে পরিবর্তন আনবে না বলেও মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষক।












Click it and Unblock the Notifications