৭ বছর পর লর্ডসে স্মরণীয় টেস্ট জয় ছিনিয়ে ১৪ বছর পর সিরিজ জেতার লক্ষ্যে বিরাটরা, উচ্ছ্বসিত সৌরভ

সাত বছর পর লর্ডস টেস্টে ইংল্যান্ডকে ১৫১ রানে হারিয়ে চলতি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বিরাট কোহলির ভারত। ভারতীয় দল ইংল্যান্ডে শেষ টেস্ট সিরিজ জিতেছে ২০০৭ সালে। চলতি সিরিজে নিশ্চিত জয় হাতছাড়া হয়েছিল ট্রেন্ট ব্রিজে বৃষ্টির কারণে। আজ হাতে ছিল ৬০ ওভার। তার মধ্যেই ইংল্যান্ডকে দুরমুশ করলেন ভারতীয় পেসাররা। ১২০ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড। শেষ তিন উইকেটও পড়ল ১২০ রানেই। সিরিজের তৃতীয় টেস্ট শুরু ২৫ অগাস্ট থেকে, লিডসে। স্বাধীনতা দিবসের পরদিন ক্রিকেটের মক্কায় ইংল্যান্ডকে হারিয়ে দেশবাসীকে উপহার বিরাটের। ম্যাচের সেরা লোকেশ রাহুল।

লর্ডস শাসন ভারতের

লর্ডস শাসন ভারতের

ভারত ২৭১ রানের লিড নিয়ে ইনিংস ডিক্লেয়ারের পর চা বিরতির আগেই চার উইকেট হারায় ইংল্যান্ড। প্রথম দশ বলের মধ্যে ১ রানে দুই ওপেনারকে হারায় জো রুটের দল। ররি বার্নস ও ডস সিবলি দুজনেই ফেরেন শূন্য রানে। ৪৪ রানের মাথায় হাসিব হামিদের উইকেটটি তুলে নেন ইশান্ত শর্মা। হামিদ ৯ রানে লেগ বিফোর হন। লাঞ্চের ঠিক আগে জনি বেয়ারস্টো ২ রান করে ইশান্তের দ্বিতীয় শিকার হন। মাইকেল গফ আউট দেননি, ভারত রিভিউ নেওয়ায় সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন ইংল্যান্ডের আম্পায়ার। চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ছিল ৪ উইকেটে ৬৭।

শেষ সেশনে ৬ উইকেট

চা বিরতির পরই সবচেয়ে বড় ধাক্কা খায় ইংল্যান্ড। জসপ্রীত বুমরাহ-র তৃতীয় বলেই বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। তিনি করেন ৬০ বলে ৩৩। এরপর ৩৯তম ওভারের প্রথম দুই বলে মঈন আলি ও স্যাম কারানের উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। মঈন করেন ১৩। ৯০ রানে ৭ উইকেট হারানোর পর অলি রবিনসনকে নিয়ে হার বাঁচানোর মরিয়া লড়াই চালাতে থাকেন জস বাটলার। ৫০.৫ ওভারে বুমরাহ অলি রবিনসনের বিরুদ্ধে জোরালো লেগ বিফোরের আবেদন করেন। এবার অপর ইংরেজ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ আউট দেননি। কিন্তু রিভিউ নিয়ে এবারও সফল হন বিরাট। রবিনসন ৯ রানে আউট হওয়ার তিন বল পরেই জস বাটলারের উইকেট তুলে নেন সিরাজ। ১২০ রানেই নবম উইকেট পড়ে ইংল্যান্ডের। ২৫ রান করে কট বিহাইন্ড হন বাটলার। শেষে অ্যান্ডারসন যখন নামেন তখনও বাঁচতে ৮.৪ ওভার দরকার ছিল ইংল্যান্ডের। ওভারের পঞ্চম বলেই অ্যান্ডারসনের স্টাম্প ছিটকে দিয়ে ভারতকে স্মরণীয় জয় এনে দেন মহম্মদ সিরাজ। দ্বিতীয় ইনিংসে ৩২ রানে চার উইকেট নিলেন তিনি।

ম্যাচের রং বদল

ম্যাচের রং বদল

এদিন ৬ উইকেটে ১৮৬ রান নিয়ে খেলতে নেমে মধ্যাহ্নভোজের বিরতির পর ১.৩ ওভার খেলেই ইনিংস ডিক্লেয়ার করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডের পেসারদের নিয়ে কার্যত ছেলেখেলা করে ইংল্যান্ডের মাটিতে নবম উইকেটে ভারতের হয়ে সর্বাধিক ৮৯ রান যোগ করে মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ-র জুটি। ভারত দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে ৮ উইকেটে ২৯৮ রান তুলে। শামি অপরাজিত ছিলেন ৭০ বলে ৫৬ রান করে। ছটি চার মারার পাশাপাশি ছক্কা হাঁকিয়ে অর্ধশতরান পূর্ণ করেন। ৬৪ বলে কেরিয়ারের সর্বাধিক ৩৪ রানে অপরাজিত থাকেন বুমরাহ। এদিন অলি রবিনসনই ভারতের দুটি উইকেট পান। ঋষভ পন্থ করেন ২২, ইশান্ত শর্মা ১৬।

'সুপার প্রাউড' বিরাট, উচ্ছ্বসিত সৌরভ

২০১৪ সালের পর লর্ডসে ভারত টেস্ট জিতল। ২০১৮ সালে জো রুটের দলের কাছেই হারতে হয়েছিল বিরাট কোহলির ভারতকে। তাই আজ জয়ের পর বিরাট বললেন, দলের জয়ে সুপার প্রাউড। ২০০২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারত ইংল্যান্ডে চার টেস্টের সিরিজ খেলেছিল। লর্ডস টেস্ট ইংল্যান্ড জেতে ১৭০ রানে। নটিংহ্যাম টেস্ট ড্র হয়। লিডস টেস্ট ভারত ইনিংস ও ৪৬ রানে জিতে সমতা ফেরায়। এই টেস্টে রাহুল দ্রাবিড় ১৪৮, সচিন তেন্ডুলকর ১৯৩ ও সৌরভ গঙ্গোপাধ্যায় ১২৮ রান করায় ভারত ৮ উইকেটে ৬২৮ রান তুলেছিল। চতুর্থ টেস্ট ড্র হয়ে ওভালে। ২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। লর্ডস টেস্ট ড্র হয়। নটিংহ্যামে ভারত জেতে সাত উইকেটে। ওভালে শেষ টেস্ট ড্র হয়েছিল, এই টেস্টে অনিল কুম্বলে ১১০ রানে অপরাজিত ছিলেন প্রথম ইনিংসে, ভারত করেছিল ৬৬৪ রান। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ইংল্যান্ডে চার টেস্টের সিরিজে ভারত হোয়াইটওয়াশ হয়। লর্ডসে ১৯৬ রানে, নটিংহ্যামে ৩১৯ রানে, বার্মিংহ্যামে ইনিংস ও ২৪২ রানে এবং ওভালে ইনিংস ও ৮ রানে ভারত হারে। ২০১৪ সালে ধোনির নেতৃত্বেই ফের ভারত ইংল্যান্ড সফরে যায়, এবার ছিল পাঁচ টেস্টের সিরিজ। নটিংহ্যামে প্রথম টেস্ট ড্র হয়েছিল। লর্ডসে ভারত ৯৫ রানে জিতে সিরিজে এগিয়ে যায়। কিন্তু সাউদাম্পটনে ২৬৬ রান, ম্যাঞ্চেস্টারে ইনিংস ও ৫৪ রান ও ওভালে ভারত ইংল্যান্ডের কাছে ইনিংস ও ২৪৪ রানে পরাস্ত হয়। ২০১৮ সালে ভারত ইংল্যান্ড সফরে গিয়েছিল বিরাট কোহলির নেতৃত্বে। পাঁচ টেস্টের সিরিজে জিতেছিল একমাত্র নটিংহ্যামে ২০৩ রানে। প্রথম টেস্ট বার্মিংহ্যামে ভারত হারে ৩১ রানে। লর্ডসে ইনিংস ও ১৫৯ রানে। সাউদাম্পটন ও ওভালে চতুর্থ ও পঞ্চম টেস্ট বিরাটরা যথাক্রমে ৬০ ও ১১৮ রানে পরাস্ত হয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+