IND vs BAN: টি২০ আন্তর্জাতিকে ভারতের রেকর্ড রান! স্যামসনের ১১১, সূর্যর ৭৫, ভাঙল দলগত ছক্কার নজির
IND vs BAN: টেস্টের পর বাংলাদেশকে টি২০ আন্তর্জাতিকেও হোয়াইটওয়াশ করতে চলেছে ভারত। হায়দরাবাদের উপ্পলে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২৯৮ রানের টার্গেট দিল ভারত।
টি২০ আন্তর্জাতিকে এটিই ভারতের সর্বাধিক দলগত স্কোর। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, মালয়েশিয়া, চেক প্রজাতন্ত্র ও আফগানিস্তানকে পিছনে ফেলে টি২০ আন্তর্জাতিকে দলগত সর্বাধিক রানের নিরিখে ভারত রইল দুইয়ে।

ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৭ রান তুলেছে। সঞ্জু স্যামসন ১১টি চার ও ৮টি ছয়ের সাহায্যে ৪৭ বলে ১১১ রান করলেন। ৮টি চার ও পাঁচটি ছয়ের দৌলতে ৩৫ বলে ৭৫ করেন তিনে নামা অধিনায়ক সূর্যকুমার যাদব।
২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত ৬ উইকেটে ২৬০ রান তুলেছিল। এদিন সেই নজির টপকে গেল ভারত। সেই ম্যাচে রোহিত শর্মা ৪৩ বলে ১১৮ ও লোকেশ রাহুল ৪৯ বলে ৮৯ করেছিলেন। সেই ইনিংসে ভারতের ব্যাটাররা মোট ২১টি ছক্কা মেরেছিলেন। আজ ভারতীয় ইনিংসে রয়েছে ২২টি ওভার বাউন্ডারি।
১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে রিয়ান পরাগ ১৩ বলে ৩৪ রান করেন। হার্দিক পাণ্ডিয়া করেন ১৮ বলে ৪৭। তিনি চারটি করে চার ও ছয় হাঁকিয়েছেন। হোমটাউনে এদিন নীতীশ কুমার রেড্ডি ফিরলেন গোল্ডেন ডাক নিয়ে।
এদিন ভারতের ওপেনিং জুটিতে ওঠে ২.১ ওভারে ২৩। দ্বিতীয় উইকেট পড়ে ১৪.৪ ওভারে ১৯৬ রানে। সঞ্জু ও সূর্য দ্বিতীয় উইকেট জুটিতে ১৭৩ রান যোগ করেন। যা টি২০ আন্তর্জাতিকে ভারতের রেকর্ড। অল্পের জন্য দ্বিতীয় দল হিসেবে ভারতের তিনশো তোলা হলো না টি২০ আন্তর্জাতিকে। একমাত্র নেপালের সেই কীর্তি রয়েছে (৩ উইকেটে ৩১৪, হাংঝৌ এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে।
১৮তম ওভারে ১৫ রান ওঠায় ভারত টি২০ আন্তর্জাতিকে দলগত সর্বাধিক রানের তালিকায় নিজেদের ৭ বছর আগের কীর্তি ভেঙে দেয়। রিঙ্কু সিংয়ের আজ জন্মদিন। তিনিই এদিন ভারতীয় ইনিংসের ২২তম ছক্কাটি হাঁকিয়ে ৭ বছর আগে শ্রীলঙ্কা ম্যাচে ২১ ছক্কার নজির ভাঙতে সাহায্য করেন সূর্যকুমারের দলকে। রিঙ্কু ৪ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। ১ বলে ১ রানে অপরাজিত থাকেন ওয়াশিংটন সুন্দর।
বাংলাদেশের তানজিম হাসান সাকিব ৪ ওভারে ৬৬ রান দিয়ে তিন উইকেট পেলেন। তাসকিন আহমেদ ৪ ওভারে ৫১, মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ৫২ ও মাহমুদউল্লাহ ২ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নেন। রিশাদ হোসেনের এক ওভারে টানা পাঁচটি ছক্কা মেরেছিলেন সঞ্জু। রিশাদ ২ ওভারে দেন ৪৬।












Click it and Unblock the Notifications