IND vs ENG: এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নড়বড়ে শুরু ভারতের
IND vs ENG: এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নড়বড়ে শুরু ভারতের
পঞ্চম টেস্টে শুরুটা দাপটের সঙ্গে করতে পারল না ভারত। এজবাস্টন টেস্টে প্রথম দিনের লাঞ্চ পর্যন্ত ভারতের রান ৫৩/২। শুক্রবার থেকে শুরু এই টেস্টে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। লাঞ্চের আগেই ভারত হারিয়েছে দুই ওপেনারকে।

রোহিত শর্মা না থাকায় এই ম্যাচে শুভমন গিলের সঙ্গে ভারতের হয়ে ওপেন করেন চেতেশ্বর পূজারা। কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকলেও এই ম্যাচে জাতীয় দলের জার্সিতে নিজেকে মেলে ধরতে পারেননি পূজারা। ওপেন করতে নেমে মাত্র ১৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। জেমস অ্যান্ডরসনের বলে জ্যাক ক্রলির হাতে ক্যাচ দিয়ে ফেরা পূজারা খেলেছেন ৪৬টি বল। দলকে ভাল স্টার্ট দিতে ব্যর্থ হয়েছেন শুভমন গিলও। ২৪ বলে ১৭ রান করেন শুভমান। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন হনুমা বিহারী এবং বিরাট কোহলি। ৪৬ বলে ১৪ রান করে হনুমা বিহারী অপরাজিত রয়েছেন। বিরাট কোহলি অপরাজিত রয়েছেন ১ রানে।
প্রায় তিন বছর ধরে রানের খরা চলছে বিরাট কোহলির ব্যাটে। শেষ বার দেশের জার্সিতে তিনি শতরান করেছিলেন ২০১৯ সালের নভেম্বরে। তার পর থেকেই বিরাটের ব্যাটে শতরানের দেখা নেই। রান না পাওয়ায় তাঁর উপর অদৃশ্য একটা চাপ বাড়ছে। এই ম্যাচে শুধু নিজের রান পাওয়াই নয়, দলকে জেতাতে হলেও ভাল খেলতে হবে বিরাটকে। তাঁর উপর এই ম্যাচে ভারতের ভাগ্য নির্ভর করছে।
ইংল্যান্ডের হয়ে দু'টি উইকেটই পেয়েছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে বিশ্রাম নেওয়া জেমস অ্যান্ডারসন। এ ছাড়া এই সেশনে ইংল্যান্ড ব্যবহার করেছে স্টুয়ার্ট ব্রড এবং ম্যাটি পটসকে। এই মুহূর্তে বৃষ্টির কারণে লাঞ্চের পর খেলা শুরু হয়নি।












Click it and Unblock the Notifications