দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় দল নির্বাচন নিয়ে নাটক! কেন পিছিয়ে গেল ঘোষণা?
দিনভর প্রতীক্ষার অবসান। দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় দল ঘোষণা দীর্ঘ নাটকের পর পিছিয়েই গেল। বুধ বা বৃহস্পতিবার টেস্ট সিরিজের দল ঘোষণার সম্ভাবনা। একদিনের সিরিজের দল ঘোষণা হবে। বেশ কিছু বিষয়ে এখনও জট খোলেনি। অধিনায়ক ও হেড কোচের সঙ্গে কিছু ব্যাপারে মতানৈক্য রয়েছে বলেও বিসিসিআই সূত্রের খবর।

রাহানে-পূজারা-ইশান্ত প্রসঙ্গ
বোর্ডসূত্রকে উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ফর্মে না থাকা অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মার মতো সিনিয়র ক্রিকেটারদের দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে রাখতে চাইছেন নির্বাচকরা। টি ২০ বিশ্বকাপের দলে না থাকলেও শিখর ধাওয়ানকে একদিনের সিরিজের দলে রাখারও পক্ষপাতী তাঁরা। শেষ দুটি সিরিজে ধারাবাহিকতাও দেখিয়েছেন তিনি। করোনা পরিস্থিতিতে নিয়ম মেনে দক্ষিণ আফ্রিকা সফরে অনেক ক্রিকেটারকে রেখেই দল পাঠানো হবে। সেখানে কোনও সিনিয়রের নাম না থাকলে তাঁর ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে পড়ুক, সেটা চাইছেন না নির্বাচকরা। বিরাট কোহলি যেমন অজিঙ্ক রাহানের পাশে খারাপ সময় দাঁড়ানোর বার্তা প্রকাশ্যে দিয়েছেন, তেমনই রাহুল দ্রাবিড়ও চান কোনও ক্রিকেটারের মনেই যেন সংশয় না থাকে। এমনকী বাদ পড়লেও তাঁকে কেন বাদ দেওয়া হলো সেটাও স্পষ্ট জানিয়ে শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হবে।

একদিনের দলের অধিনায়কত্ব
রোহিত শর্মাকে টি ২০ দলের অধিনায়ক করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে টি ২০ সিরিজ না থাকলেও বেছে নিতে হবে একদিনের দলের অধিনায়ক। এমনটাও অনেকে চাইছেন যে, রোহিত শর্মাকে পুরোপুরিভাবে সাদা বলের ক্রিকেটের অধিনায়ক করা হোক। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিরাট কোহলির পাশাপাশি রোহিত শর্মার সঙ্গেও কথা বলতে চাইছেন নির্বাচকরা।

সময় নিচ্ছেন নির্বাচকরা
দক্ষিণ আফ্রিকাও একদিনের সিরিজের দল ঘোষণা করেনি। ভারতের একদিনের দল ঘোষণাও টেস্ট দলের সঙ্গে নাও হতে পারে। বিজয় হাজারে ট্রফিতে কে কেমন ফর্মে থাকেন তাও বিবেচ্য হতে পারে প্রোটিয়াদের দেশের সিরিজের জন্য। ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম একদিনের আন্তর্জাতিক। তাই কোনও তাড়াহুড়ো করা হবে না। ভারতীয় দলের সঙ্গে যাঁরা নেই সকলকে নির্দেশ দেওয়া হয়েছে ঘরোয়া টুর্নামেন্টে খেলার জন্য।

হার্দিক থাকছেন না
হার্দিক পাণ্ডিয়ার এখন রিহ্যাব চলছে। তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন না। বিজয় হাজারে ট্রফি থেকেও সরে দাঁড়িয়েছেন হার্দিক। পুরোদমে যাতে তিনি বোলিং করতে পারেন সেটা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। এরই মধ্যে এমন জল্পনাও চলছে যে, সাদা বলের ক্রিকেটকে গুরুত্ব দিতে টেস্ট ক্রিকেট থেকে হার্দিক অবসরও নিতে পারেন। হার্দিকের বিকল্প হিসেবে ভেঙ্কটেশ আইয়ারের দক্ষিণ আফ্রিকার বিমানের টিকিট পাকা হয়ে গিয়েছে।
চর্চায় হনুমা-ঈশান
ভারতীয় দল নির্বাচনের ক্ষেত্রে চর্চায় রয়েছে হনুমা বিহারী ও ঈশান কিষাণের নাম। গতকাল থেকে যে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ভারতের এ দলের আনঅফিসিয়াল তৃতীয় টেস্ট শুরু হয়েছে তাতে আজ প্রথম ইনিংসে দিনের শেষে ভারত ৬ উইকেটে ২২৯ রান তুলেছে। ঈশান কিষাণ ১৪১ বলে ৮৬ রানে অপরাজিত রয়েছেন। হনুমা বিহারী নেতৃত্ব দিচ্ছেন, তিনি ১৭০ বল খেলে ৬৩ রান করেছেন। দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে তিনি ৫৪ ও অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেছিলেন। এই পারফরম্যান্সের সুবাদে তিনি টেস্ট দলে জায়গা পান কিনা সেটাও দেখার।

কবে রওনা হচ্ছে ভারত?
বিসিসিআই সূত্রে খবর, ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফরে রওনা হবে ১৬ ডিসেম্বর। আপাতত জৈব সুরক্ষা বলয়ের বাইরে ক্রিকেটারদের যাওয়ার অনুমতি দেওয়া হলেও ১০ ডিসেম্বরের মধ্যে ফের নিভৃতবাসে ঢুকে পড়তে হবে। নিউজিল্যান্ড সিরিজের দলে যাঁরা ছিলেন না তাঁদের সঙ্গেও কথা বলবেন হেড কোচ রাহুল দ্রাবিড়। দক্ষিণ আফ্রিকায় পৌঁছে যাতে ফের কোয়ারান্টিনে থাকতে না হয় সেটাও নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।












Click it and Unblock the Notifications