রোহিত ফিরছেন নিজের জায়গায়, অশ্বিন কামব্যাকের অপেক্ষায়! ভারত-আফগানিস্তানের প্রথম একাদশে কারা?
টি ২০ বিশ্বকাপে কাল রয়েছে ডাবল হেডার। নিউজিল্যান্ড দুবাইয়ে ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে থেকে মুখোমুখি হবে গ্রুপ ২-এ একেবারে নীচে থাকা স্কটল্যান্ডের। এই ম্যাচের পর এই গ্রুপেরই অন্য ম্যাচে আবু ধাবিতে ভারতের সামনে আফগানিস্তান। ভারতকে সেমিফাইনালে ওঠার লক্ষ্যে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে। তবে সব ম্যাচ জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। কেন না, শেষ তিনটি ম্যাচে যদি নিউজিল্যান্ড জিতে যায় তাহলে বিদায় নেবে ভারত ও আফগানিস্তান। আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় এবং ভারত সব ম্যাচে জেতে তাহলে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট।

ভারতের ভাবনায়
ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর আজ জানিয়েছেন, দলে কোনও চোট সমস্যা নেই, সকলেই খেলার জন্য প্রস্তুত। প্রথম একাদশ ঠিক করা হবে আগামীকালই। ভারতীয় দলে যে খুব বেশি রদবদলের সম্ভাবনা রয়েছে তা নয়। তবে রাঠোরের কথা অনুযায়ী চোট সেরেছে সূর্যকুমার যাদবেরও। ফলে সূর্য ফিরতে পারেন প্রথম একাদশে। সেক্ষেত্রে বাদ পড়বেন ঈশান কিষাণ। আর সূর্য যদি কালকের ম্যাচেও না খেলতে পারেন এবং ঈশান কিষাণ দলে থাকেন সেক্ষেত্রেও রোহিত শর্মাকে আর তিনে নামানোর ভুল করবে না ভারত। বিশেষজ্ঞরা বলেছেন, প্রয়োজনমতো চার ও পাঁচ নম্বরের জন্য ভাবা যেতেই পারে লোকেশ রাহুল ও ঋষভ পন্থকে। প্রয়োজন হলে পন্থকে চারে নামানো যেতে পারে। মিডল অর্ডারে কার্যকরী ভূমিকা নিতে পারবেন রাহুল। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের শেষ দিকে ওপেন করে সফল হয়েছিল রোহিত শর্মা ও ঈশান কিষাণের জুটি। ফলে রোহিত ও কিষাণকে দিয়ে ওপেন করানো যেতে পারে। বিরাট তিনেই নামুন। তাহলে ভারতের ব্যাটিং গভীরতা যা আছে তাতে অসুবিধা হওয়ার কথা নয়। দুটি ম্যাচে উইকেট না পাওয়া বরুণ চক্রবর্তীর জায়গায় রবিচন্দ্রন অশ্বিনের দলে ঢোকার সম্ভাবনা প্রবল। ২০১৭ সালের পর ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটে দেখা যাবে দেশের এক নম্বর স্পিনারকে।

চমক দেখাতে চাইছে আফগানিস্তান
আফগানিস্তান আসগর আফগানের পরিবর্ত হিসেবে দলে নিয়েছে অলরাউন্ডার শরিফুদ্দিন আশরফকে। ভারতীয় দল আফগানিস্তানের স্পিন বোলিংকে সমীহ করছে। তবে নামিবিয়া ম্যাচে আফগান সিমাররাই তুলে নিয়েছিলেন ৮ উইকেট। আফগানিস্তান যদি শেষ দুই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে তাহলে মহম্মদ নবিরা পৌঁছে যাবেন সেমিফাইনালে। অন্তত একটি ম্যাচ জিতলেও জোরালো থাকবে আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার দাবি। কেন না, আফগানরা নেট রান রেটে রয়েছে সবচেয়ে ভালো জায়গায়। যদিও আফগানিস্তানের কাছে কখনও কোনও ফরম্যাটে হারেনি ভারত। তবে আফগানিস্তান নিঃসন্দেহে চলতি বিশ্বকাপে দাপটের সঙ্গেই খেলছে। পাকিস্তান ম্যাচেও জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল নবির দল। আসগর আফগানের জায়গায় খেলানো হতে পারে হাশমাতুল্লাহ শাহিদি বা উসমান গনিকে। ফিট হয়ে মুজিব উর রহমান ফিরতে পারেন করিম জানাতের জায়গায়।

টস জিতলে ফিল্ডিং?
পাকিস্তান-নামিবিয়া ম্যাচের আগে অবধি আবু ধাবিতে ৮টির মধ্যে ৬টিতেই রান তাড়া করা দল জিতেছে। ফাস্ট বোলাররা চলতি বছর এই স্টেডিয়ামে স্পিনারদের চেয়ে বেশি সাফল্য পেয়েছেন। টি ২০ ক্রিকেটে রশিদ খান লোকেশ রাহুলকে ৩০ বলের মধ্যে ১৮ রানের বিনিময়ে তিনবার আউট করেছেন। ঈশান কিষাণকে অবশ্য ৫১ বলের মধ্যে একবারও আউট করতে পারেননি, দিয়েছেন ৬৪ রান। তবে কালকের ম্যাচে ভারতীয় ব্যাটারদের সঙ্গে আফগান স্পিনারদের দ্বৈরথই চমকপ্রদ হতে চলেছে।

কারা খেলতে পারেন?
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব/ঈশান কিষাণ, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী/রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ- হজরতুল্লাহ জাজাই, মহম্মদ শাহজাদ (উইকেটকিপার), রহমতুল্লাহ গুরবাজ, হাশমাতুল্লাহ শাহিদি/ উসমান গনি, মহম্মদ নবি, নাজিবুল্লাহ জারদান, গুলবদিন নঈব, রশিদ খান, করিম জানাত/ মুজিব উর রহমান, নবীন উল হক, হামিদ হাসান।












Click it and Unblock the Notifications