"বর্ডার" নাকি "বদলা" রবিবারের ওভালে হিট হবে কোন চিত্রনাট্য কী বলছে প্রস্তুতি
হাইভোল্টেজ ম্যাচ , চড়ছে পারদ। কী রণনীতি ভারত-পাকিস্তানের। প্রাথমিক পর্বের ম্যাচের রিপ্লে, নাকি বদলা নেবে পাকিস্তান।
রবিবার মেগা ম্যাচ। উত্তেজনায় টগবগ করে ফুটছে ক্রিকেট দুনিয়া। ভারত বনাম পাকিস্তান লড়াইয়ের চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত দুই দল। খেতাব রক্ষার লড়াইতে নামা ভারতীয় দল এখন ক্ষুধার্ত বাঘ। আগ্রাসী অধিনায়ক বিরাট কোহলি দায়িত্ব নেওয়ার পর দলকে ধারাবাহিক সাফল্য এনে দিয়েছেন। তবে এবারের চ্যালেঞ্জটা কোনও একটা সিরিজ জেতার থেকে অনেক বেশি শক্ত এবং চ্যালেঞ্জিং। ২০১৩তে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছিল ধোনির ভারত। এবার সেই খেতাব রক্ষার গুরুদায়িত্ব বিরাট কোহলি এন্ড কোংয়ের হাতে।
পাকিস্তানকে প্রথম ম্যাচেই হারিয়ে ধামাকা শুরু করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু এরপরই প্রাথমিক পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে হারতে হয়েছিল কোহলি-রোহিতদের। তবে দ্রুত তার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। এরপর থেকেই শুধুই উঠেছে গ্রাফ।

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে সেমি-র টিকিট। তারপর শেষ চারে-র লড়াইতে বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয়। দুরন্ত ফর্মে রয়েছে ভারতের টপ ও মিডল অর্ডার। রোহিত শর্মা-শিখর ধাওয়ান জুটিতে লুটি করে ওপেনিং পার্টনারশিপেই বিপক্ষকে মাত করে দিচ্ছেন। বিরাটের বিক্রমও বেড়েই চলেছে। রানের মধ্যে রয়েছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পাকিস্তান ম্যাচে যুবরাজ যা ফর্ম দেখিয়েছেন তাও আশা বাড়াচ্ছে। বোলিং ইউনিটও নিজেদের মত করে কাজ করছে। মূলত ব্যাটিং সহায়ক উইকেটে নিজেদের বোলিং বৈচিত্র দিয়ে ভরসা যোগাচ্ছেন ভুবনেশ্বর কুমার ,বুমরাহ থেকে রবীন্দ্র জাদেজা, কেদার যাদবরাও।
এছাড়াও ভারতীয় দলের বাড়তি পাওনা কোহলি- ধোনি সমীকরণ। প্রাক্তনের হাত থেকে ব্যাটন নিয়েছেন, এখন ম্যাচ চলাকালীন তাঁর অভিজ্ঞ টিপসেই বাজিমাত করছেন ক্যাপ্টেন কোহলি। যেটা টিম ইন্ডিয়াকে মেগা ফাইনালের আগে বাড়তি অ্যাডভান্টেজ দিচ্ছে।

পিছিয়ে নেই সরফরাজ আহমেদের পাকিস্তানও। ভারতের বিরুদ্ধে হার দিয়ে ঢিলেঢালা শুরু করলেও প্রতিটা ম্যাচেই ধীরে ধীরে উন্নতি করেছে তারা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাক বোলিং ইউনিটের পারফরমেন্স নিঃসন্দেহে প্রশংসনীয়। মহম্মদ আমের, হাসান আলি, জুনেইদ খানদের পারফরমেন্সের ওপর অনেকটাই নির্ভর করবে ম্যাচের ভাগ্য। দুই পাক ওপেনার আজহার আলি ও ফকহার জামান কিছু কিছু ফর্মের ঝলক দেখিয়েছেন।
তবে এত বড় মঞ্চের এই মেগা ম্যাচ জেতা-র জন্য তা অবশ্য যথেষ্ট নয়। অধিনায়ক সরফরাজ আহমেদও ফর্মে রয়েছেন। এই হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে তাড়া করে বেরাবে প্রাথমিক পর্বের ম্যাচে ভারতের কাছে হারের ক্ষত। এমনিতেই আইসিসি টুর্নামেন্টে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের পারফরমেন্স তথৈবচ। ফলে এই সম্মানের ম্যাচ জিতে তারা একটু স্বস্তি চাইবে।

ভারত বনাম পাকিস্তান ক্রিকেট দুনিয়ায় এই লড়াইয়ের উত্তেজনার বিকল্প নেই। বিভিন্ন কূটনৈতিক কারণের জেরে এই দু'দেশ এখন আর সেভাবে সিরিজ খেলতে পারে না। ফলে এই ম্যাচ জিতলে শুধু ট্রফি জেতাই হবে তা নয়। ভারত কিংবা পাকিস্তান যে দেশই জিতুক তার সমর্থকদের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে চিরপ্রতিদ্বন্দ্বীকে হারানোর জন্য।












Click it and Unblock the Notifications