ভারত- নিউ জিল্যান্ড সিরিজ বাতিলের সম্ভাবনা! দাবি খারিজ লোধা কমিটির
নয়াদিল্লি, ৪ অক্টোবর : ভারত- নিউ জিল্যান্ড তৃতীয় টেস্ট বাতিল করা যায় কিনা তা নিয়ে গভীর ভাবনাচিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ সোমবারই লোধা কমিটি বিসিসিআইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'ফ্রিজ' করে দিয়েছে বলে জানা গিয়েছে।
এর ফলে শুধু তৃতীয় টেস্ট নয়, পাঁচ ম্যাচের একদিনের সিরিজও বাতিল হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

বোর্ড সূত্রে জানানো হয়েছে, এখন যা পরিস্থিতি তাতে সিরিজ বাতিল করা ছাড়া আমাদের হাতে আর উপায় নেই। আমাদের হাতে টাকা না থাকলে কীভাবে আমরা ম্যাচ সংগঠন করব? কারা তাতে খেলবে? আমাদের বোর্ডের অনেক 'স্টেক' রয়েছে। ফলে সিরিজ বাতিল ছাড়া আর উপায় নেই।
বোর্ডের অভিযোগ, লোধা কমিটি সব বিষয়ে বড্ড বেশি নাক গলাচ্ছে। তাদের সব ব্যাপারে নাক গলানোর অধিকার নেই। খেলোয়াড়দের টাকা দিতে হবে। যদি খেলোয়াড়রা টাকা ছাড়া খেলতে রাজি থাকে তাহলে অসুবিধা নেই। কিন্তু তা না হলে অন্য রাস্তা ভাবতে হবে।
লোধা কমিটির বক্তব্য, তাদের নজরে এসেছে ৩০ সেপ্টেম্বর বোর্ডের সভায় মোটা অঙ্কের টাকা ব্যাঙ্ক থেকে তোলার কথা বলা হয়েছে। সেগুলি বিভিন্ন সদস্য অ্যাসোসিয়েশনকে দেওয়া হবে। এই টাকার লেনদেন বন্ধ সহ সমস্ত লেনদেন বন্ধ করতে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে নির্দেশ দিয়েছে লোধা কমিটি। তবে কোনও অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি। তা 'হোল্ড' করতে বলা হয়েছে। এছাড়া নিয়মমাফিক যেসমস্ত খরচ বোর্ড করে যেমন মাইনে দেওয়া, ম্যাচ সংগঠন, এসবে কোনও বাধা নেই। ফলে সিরিজ বাতিলের কোনও সম্ভাবনা নেই বলে লোধা কমিটি দাবি করেছে।
আপাতত নিউ জিল্যান্ডের সঙ্গে ২-০-তে টেস্ট সিরিজে এগিয়ে রয়েছে ভারত। ইন্দোরে তৃতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে শনিবার থেকে। তবে সোমবারই লোধা কমিটি নিয়ে বলতে গিয়ে বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর জানিয়েছেন, লোধা কমিটির কথা মেনে চলতে হলে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না ভারত।
কারণ লোধা কমিটি অনুযায়ী আইপিএলের আগে ও পরে ১৫দিনের ব্যবধান থাকতে হবে। অথচ ২০১৭ সালের ১ জুন শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। অথচ আইপিএল শেষ হওয়ার কথা মে মাসের শেষ সপ্তাহে। ফলে এখন দেখার শেষ পর্যন্ত এই সমস্যার জল কতদূর গড়ায়।












Click it and Unblock the Notifications