India vs Australia: শামির ODI কেরিয়ারের সেরা বোলিং! মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টার্গেট ২৭৭
India vs Australia: মোহালিতে ২৭ বছর পর অস্ট্রেলিয়াকে একদিনের আন্তর্জাতিকে পরাস্ত করতে ভারতের প্রয়োজন ২৭৭ রান। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল।
নির্ধারিত ৫০ ওভারে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া তুলেছে ২৭৬ রান। একটি মেডেন-সহ ১০ ওভারে ৫১ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন মহম্মদ শামি। যা ওডিআই কেরিয়ারে শামির সেরা বোলিং পারফরম্যান্স।

এই নিয়ে দ্বিতীয়বার একদিনের আন্তর্জাতিকে ইনিংসে পাঁচ উইকেট নিলেন শামি। ২০১৯ সালে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি পাঁচ উইকেট দখল করেছিলেন ৬৯ রান খরচ করে, সেবারও ১০ ওভারে ১টি মেডেন ওভার ছিল।
প্রথম ওভারেই আঘাত হেনেছিলেন শামি। চতুর্থ বলে মিচেল মার্শ ৪ রানে আউট হন, অস্ট্রেলিয়ার রান তখন ৪। এরপর ৯৪ রানের পার্টনারশিপ গড়েন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। ১৮.২ ওভারে ওয়ার্নার আউট হন দলগত ৯৮ রানের মাথায়।

ওয়ার্নার ৪৯ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৫৩ বলে ৫২ রান করে তিনি রবীন্দ্র জাদেজার শিকার হন। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে কামব্যাক ম্যাচে ৬০ বলে ৪১ রান করেন স্টিভ স্মিথ। ২২তম ওভারে তৃতীয় বলে স্মিথকে বোল্ড করে দেন শামি। ১১২ রানে পড়ে তৃতীয় উইকেট।
১৮ মাসের বেশি সময় পর ওডিআই খেলতে নেমে মার্নাস লাবুশেনকে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। ৪৯ বলে ৩৯ করেন লাবুশেন। ক্যামেরন গ্রিন রান আউট হন ৫২ বলে ৩১ রান করে। তিনটি চার ও ২টি ছয়ের সাহায্য়ে ৪৫ বলে ৪৫ রান করা জশ ইনগ্লিসকে ফেরান জসপ্রীত বুমরাহ। ৪৭তম ওভারের চতুর্থ বলে শামি ফেরান মার্কাস স্টইনিস (২১ বলে ২৯)-কে।
৪৯তম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে ম্যাথু শর্ট (৪ বলে ২) ও শন অ্যাবট (২ বলে ২)-এর উইকেট তুলে নেন শামি। শেষ বলে রান আউট হন অ্যাডাম জাম্পা (২ বলে ২)। ৩৫.৪ ওভারে অজিদের স্কোর যখন ৪ উইকেটে ১৬৬ তখন বৃষ্টি নামে। অস্ট্রেলিয়াকে ভারত আরও কম রানে বাঁধতে পারতো যদি ফিল্ডিং কিছুটা ভালো হতো। বেশ কয়েকটি ক্যাচও পড়েছে।
শামি ৫১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। জসপ্রীত বুমরাহ ২টি মেডেন-সহ ১০ ওভারে ৪৩ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। শার্দুল ঠাকুর ১০ ওভারে ৭৮ রান দেন। রবিচন্দ্রন অশ্বিন ১০ ওভারে ৪৭ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। রবীন্দ্র জাদেজার বোলিং ফিগার ১০ ওভার, ৫১ রানের বিনিময়ে একটি উইকেট।












Click it and Unblock the Notifications