India vs West Indies T20Is: ভারতকে ১৫০ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ, অর্শদীপ ও চাহাল পেলেন ২টি করে উইকেট
India vs West Indies T20Is: ত্রিনিদাদের টারৌবায় পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টি ২০ আন্তর্জাতিকে ভারতের সামনে জয়ের জন্য ১৫০ রানের লক্ষ্যমাত্রা রাখল ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলেছে রভম্যান পাওয়েলের দল।
অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল পেয়েছেন দুটি করে উইকেট। টি ২০ আন্তর্জাতিকে অভিষেক ম্যাচে উইকেট পেলেন না বাংলার পেসার মুকেশ কুমার।

হার্দিক পাণ্ডিয়ার ভারত প্রতিপক্ষের ওপেনিং জুটি ভাঙে পঞ্চম ওভারের প্রথম বলে। দলের ২৯ রানের মাথায় কাইল মেয়ার্স লেগ বিফোর হন যুজবেন্দ্র চাহালের বলে। তিনি করেন ৭ বলে ১ রান। এই ওভারের তৃতীয় বলে ফের আঘাত হানেন চাহাল। এবার অপর ওপেনার ব্র্যান্ডন কিং লেগ বিফোর। ৪টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১৯ বলে ২৮ রান করে দলের ৩০ রানের মাথায় তিনি প্যাভিলিয়নে ফেরেন।

অষ্টম ওভারের তৃতীয় বলে জনসন চার্লস ৬ বলে ৩ রান করে কুলদীপ যাদবের শিকার, ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় উইকেটের পতন ৫৮ রানে। ১৪.১ ওভারে ৮৬ রানে পড়ে চতুর্থ উইকেট। নিকোলাস পুরাণ ২টি করে চার ও ছয়ের সাহায্যে ৩৪ বলে ৪১ রান করে হার্দিক পাণ্ডিয়ার শিকার। চার্লস ও পুরাণের ক্যাচ দুটি ধরেন এদিনই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা তিলক বর্মা।
১৯তম ওভারের প্রথম ও পঞ্চম বলে দুটি উইকেট তুলে নেন অর্শদীপ সিং। প্রথমে ফেরান শিমরন হেটমায়ারকে (১২ বলে ১০)। ১৩৪ রানে পঞ্চম উইকেট পড়ার পর ষষ্ঠ উইকেটটি পড়ে ১৩৮ রানে। তিনটি করে চার ও ছয়ের সাহায্যে ৩২ বলে ৪৮ রান করে আউট হন অধিনায়ক রভম্যান পাওয়েল। রোমারিও শেফার্ড ৪ ও জেসন হোল্ডার ৬ রানে অপরাজিত থাকেন।
অর্শদীপ সিং চার ওভারে ৩১ ও যুজবেন্দ্র চাহাল ৩ ওভারে ২৪ রানের বিনিময়ে দুটি করে উইকেট পেয়েছেন। হার্দিক ৪ ওভারে ২৭ ও কুলদীপ ৪ ওভারে ২০ রান খরচ করে একটি করে উইকেট পেয়েছেন। অক্ষর প্যাটেল ২ ওভারে ২২ ও মুকেশ কুমার ৩ ওভারে ২৪ রান দিয়েছেন, তাঁদের ঝুলিতে কোনও উইকেট এদিন যায়নি।
ওয়েস্ট ইন্ডিজের পাওয়ারপ্লে-তে ৬ ওভারে ২ উইকেটের বিনিময়ে স্কোর ছিল ৫৪। এরপর রান তোলার গতিতে রাশ টানেন চাহাল ও কুলদীপ। পরের দিকে মুকেশ ও অর্শদীপের ইয়র্কার ও লো ফুল টস অস্বস্তিতে রাখে ক্যারিবিয়ান ব্যাটারদের। শেষ ওভারটি করেন মুকেশ। স্লো ওভার রেটের কারণে বৃত্তের মধ্যে অতিরিক্ত একজন ফিল্ডারকে রেখে বল করতে হয়।












Click it and Unblock the Notifications