India vs Bangladesh: বিশ্রাম পেলেন না বুমরাহ, কানপুরেও পূর্ণ শক্তি নিয়েই নামছে ভারত, দল ঘোষণা বিসিসিআইয়ের
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। কানপুরে ম্যাচের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। এই টেস্টের জন্য ভারতীয় দলের কোনও পরিবর্তন হয়নি। একই দল রাখা হয়েছে। বিশ্রাম দেওয়া হল না বুমরাহকে।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ফলে এগিয়ে আছে ভারত। কিন্ত কোনভাবেই প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ টিম ইন্ডিয়া। তাই পূর্ণ শক্তির দল নিয়েই কানপুরে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত। চেন্নাই টেস্ট জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই দ্বিতীয় ম্যাচের দল ঘোষণা করে দেওয়া হল।

চিপক টেস্টে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ছাড়া সকলেই সফল বলা যেতেই পারে। কোহলি প্রথম ইনিংসে ৬ রান করেন। দ্বিতীয় ইনিংসে তিনি ১৭ রান করে আউট হন। অন্যদিকে রোহিত শর্মাও দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হন। দুই মহরথী ব্যর্থ হলেও দলের বাকি নয় সদস্য বাংলাদশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জয়ের কার্যকারী ভূমিকা নিয়েছেন।
স্বভাবতই দলে পরিবর্তনের কথা ভাবেননি নির্বাচকরা। কোচ গৌতম গম্ভীরও দলে কোনও পরিবর্তন চাননি। ভারতীয় শিবিরে চোট-আঘাত জনিত কোনও সমস্যাও নেই। ঠাসা ক্রীড়াসূচি থাকলেও বুমরাহকে এই ম্যাচে বিশ্রামের কথা ভাবা হয়নি। একইসঙ্গে কানপুরেও ভারতীয় দলের দরজা খুলল না মহম্মদ শামির জন্য। ঘরোয়া ক্রিকেট খেলেই তাঁকে জাতীয় দলে কামব্যাক করতে হবে।
১ অক্টোবর থেকে মুম্বই এবং অবশিষ্ট ভারতীয় দলের মধ্যে ইরানি ট্রফির ম্যাচ হবে। অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ইরানি ট্রফির জন্য স্কোয়াডও ঘোষণা করবে। ২০২৩ বিশ্বকাপের পর থেকে বাইরে থাকা মহম্মদ শামি ইরানি কাপেও ফিরতে পারেন অথবা খেলতে পারেন রঞ্জি ট্রফির ম্যাচ।
কানপুরে দ্বিতীয় টেস্টের পর আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ আছে। তারপর বছরের শেষে বর্ডার-গাভাসকর ট্রফি, সামনে লম্বা সূচি। বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য অবশ্য দল এখনও ঘোষণা করা হয়নি। এই মুহুর্তে টি২০ ফোকাস না থাকায়, নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্ট একাধিক তারকাকে বিশ্রাম দিতে পারেন। ঋষভ পন্থ, শুভমান গিল, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজের মতো বিশ্রাম নিতে পারেন।
ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ এবং যশ দয়াল।












Click it and Unblock the Notifications