করোনা ভাইরাসকে হারিয়ে কবে শুরু ক্রিকেট, কবে কোন প্রতিপক্ষের বিরুদ্ধে বাইশ গজে ভারতের প্রত্যাবর্তন?
করোনা ভাইরাসকে হারিয়ে কবে শুরু ক্রিকেট, কবে কোন প্রতিপক্ষের বিরুদ্ধে বাইশ গজে ভারতের প্রত্যাবর্তন?
করোনার করাল গ্রাস কাটিয়ে কবে স্বাভাবিক হবে ক্রিকেট? উত্তরের খোঁজে ক্রিকেট দুনিয়া। বিরাট অ্যান্ড কোম্পানিই বা কবে করোনা ভাইরাসের চোখ রাঙানি সামলে ক্রিকেটে ফিরবেন? সেই নিয়েও বিস্তর জল্পনা চলছে। ভাইরাসের দাপট কাটিয়ে ক্রিকেট মাঠে বল গড়ানো নিয়ে ক্রিকেটঈশ্বরের কাছে ফ্যানেদের প্রতিদিনের প্রার্থনা চলছে। এর মাঝেই সুখবর।

কবে শুরু হতে পারে ক্রিকেট
স্পষ্ট উত্তর না মিললেও ব্যাটে বলে কবে থেকে ক্রিকেটযুদ্ধ শুরু হতে পারে তার সামান্য ইঙ্গিত পাওয়া গেল। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টেই হয়তো বাইশ গজে ক্রিকেট শুরু হতে পারে।

করোনায় বন্ধ খেলার দুনিয়া
বিশ্বজুড়ে করোনার কারণে দেশে দেশে এখন লকডাউন জারি। মহামারির জেরে বিভিন্ন প্রতিটি দেশে এখন ক্রিকেট-ফুটবল সব খেলার প্রতিযোগিতার দরজায় তালা পড়েছে। অলিম্পিক, কোপা, ইউরো পিছিয়েছে। অনির্দিষ্টকালের জন্যে স্থগিত আইপিএল টুর্নামেন্ট।

কোন প্রতিপক্ষের বিরুদ্ধে ক্রিকেটে ফিরতে পারে ভারত
মার্চে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে ওডিআই সিরিজ ছিল। ধর্মশালায় প্রথম ম্যাচ বৃষ্টিতে বাতিলের পর পরের দুই ম্যাচ করোনার কারণে বাতিল হয়। এবার শোনা যাচ্ছে, সেই প্রোটিয়াদের বিরুদ্ধেই বাইশ গজে ম্যাচ দিয়ে করোনা পরবর্তী সময় বিরাটরা মাঠে নামতে পারেন।

বিরাটরা কবে বাইশ গজে ফিরতে পারে
একটি সর্বভারতীয় ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বজুড়ে করোনার ভয়াবহতা অগাস্টের মধ্যে নিয়ন্ত্রণে এলে ক্রিকেট শুরু হতে পারে। তখন অগাস্টে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন কোহলিরা। সেই অগাস্টে এরপর আবার জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের তিন ম্যাচে ওয়ানডে সিরিজ রয়েছে। সব ঠিকঠাক থাকলে ভারতীয় ক্রিকেট বোর্ড কোহলিদের পাঠাতে পারে। তবে বিশ্বজুড়ে করোনা উদ্বেগের মাঝে অগাস্টে ভারতের এই দুই সফর নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। করোনার ফলে সমস্ত ক্রিকেট বোর্ডই আর্থিক ক্ষতির সামনে দাঁড়িয়ে। সব দেশে ক্রিকেট সংস্থাই তাই করোনা পরিস্থিতির উপর নজর রেখে উদ্বেগ কাটলেই ক্রিকেট শুরুর পক্ষে তৈরি রয়েছে।












Click it and Unblock the Notifications