বেঙ্গালুরু টেস্টে হতাশ করলেন বিরাট, শ্রীলঙ্কার স্পিনারদের দাপটে প্রথম সেশনে চার উইকেট হারাল ভারত
বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্টে প্রথম সেশনেই প্রথম চার ব্যাটারকে হারাল ভারত। চা বিরতিতে ভারতের স্কোর ৪ উইকেটে ৯৩ রান। ক্রিজে রয়েছেন শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ। ময়াঙ্ক আগরওয়াল ৪, রোহিত শর্মা ১৫, হনুমা বিহারী ৩১ ও বিরাট কোহলি ২৩ রান করে আউট হয়েছেন। ময়াঙ্ক রান আউট হন, তিন উইকেট গিয়েছে শ্রীলঙ্কার স্পিনারদের ঝুলিতে।

চিন্নাস্বামীর উইকেটে প্রথম সেশনেই বল ঘুরছে, বাউন্সও পাচ্ছেন স্পিনাররা, আবার কখনও কখনও কোনও বল আচমকাই নেমে যাচ্ছে। ফলে সুনীল গাভাসকর বলছেন, এই উইকেটে ব্যাটিং মোটেই সহজ নয়। বিশেষ করে চতুর্থ ইনিংসে যারা ব্যাট করবে। অর্থাৎ শ্রীলঙ্কাকে সিরিজে সমতা ফেরাতে কার্যত অসাধ্যসাধনই করতে হতে পারে। টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই রান আউট হন ময়াঙ্ক আগরওয়াল। বিশ্ব ফার্নান্দোর বলে লেগ বিফোরের জোরালো আবেদন ওঠে। হঠাৎই রান নিতে দৌড়ান ময়াঙ্ক। রোহিত সেটা খেয়াল করেননি। ভুল বোঝাবুঝিতে ৭ বলে ৪ রান করেই ফেরেন পাঞ্জাব কিংসের অধিনায়ক। দশম ওভারের তৃতীয় বলে আউট হন রোহিত শর্মা। লাসিথ এম্বুলডেনিয়ার বলে স্লিপে ধনঞ্জয় ডি সিলভার হাকে ক্যাচ দিয়ে ফেরেন ২৫ বলে ১৫ রান করে, তাঁর ইনিংসে রয়েছে ১টি করে চার ও ছয়।

এরপর হনুমা বিহারী ও বিরাট কোহলি জুটি ভালোভাবেই দলকে এগিয়ে নিয়ে যেতে থাকে। বেশ কয়েকটি দৃষ্টিনন্দন শট দেখা যায় বিরাট কোহলির ব্যাট থেকে। সাবধানী থেকেও আত্নবিশ্বাসের সঙ্গে খেলছিলেন বিহারীও। প্রথম ঘণ্টায় ভারতের রান ছিল ২ উইকেটে ৩১। ১৫.২ ওভারে ৫০ রান পূর্ণ হয়। ২২.৫ ওভারে হনুমা বিহারীকে প্রবীণ জয়বিক্রমার বলে নীতিন মেনন লেগ বিফোর দেন। যদিও রিভিউ নিয়ে রক্ষা পান বিহারী। তবে এরপর আর কোনও রান করতে পারেননি তিনি। ২৬.২ ওভারে জয়বিক্রমাই হনুমাকে প্যাভিলিয়নের রাস্তা দেখান। কছিন পিচে ৮১ বল খেলে ৩১ রান করেন বিহারী। চারটি চার মেরেছেন। ভারতের তৃতীয় উইকেটটি পড়ে ৭৬ রানের মাথায়। বিরাট-বিহারী জুটিতে ওঠে ৪৭।

পরের ওভারেই বিরাট কোহলি আউট। তাঁর শতরানের খরা অব্যাহত। সেকেন্ড হোম বেঙ্গালুরুতে দর্শকদের হতাশ করে তিনি ফিরলেন ব্যক্তিগত মাত্র ২৩ রানে। ৪৮ বলের ইনিংসে রয়েছে দুটি বাউন্ডারি। বলটি যেভাবে অর্থাৎ অ্যাক্রস দ্য লাইন তিনি খেলতে গিয়েছিলেন এমন উইকেটে সেটা উচিত নয় বলেই উপলব্ধি সুনীল গাভাসকরের। ডি সিলভার বলটি নেমেও গিয়েছিল, পরিষ্কার লেগ বিফোর। ভারত ৮৬ রানে চতুর্থ উইকেটটি হারায়। এরপর কাউন্টার অ্যাটাক শুরু করেন ঋষভ পন্থ। চা বিরতিতে তিনি শ্রেয়স আইয়ারের সঙ্গে অপরাজিত ছিলেন। দ্বিতীয় সেশনে পন্থই প্রথম আউট হন। ৩২.৪ ওভারে দলের ১২৬ রানের মাথায় পন্থ এম্বুলডেনিয়ার বলে বোল্ড হয়েছেন ২৬ বলে ৩৯ করে। মেরেছেন সাতটি বাউন্ডারি।












Click it and Unblock the Notifications