রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ফাইনালে জ্বলে উঠলেন যুবরাজ-পাঠান
ভারত লেজেন্ডস ও শ্রীলঙ্কা লেজেন্ডস। রবিবাসরীয় সন্ধ্যায় রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে রায়পুরে মুখোমুখি হয়েছে এই দুই দল। জাতীয় দল থেকে অবসর নেওয়া দুই দলের ক্রিকেটাররাই ফিরিয়ে আনলেন বিভিন্ন টুর্নামেন্টের ফাইনালে এই দুই দলের প্রতিদ্বন্দ্বিতার সোনালি স্মৃতি। অনেকে তো বলছেন, ২০১১ বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি ঘটাবে ভারত। যুবরাজ সিং ও ইউসুফ পাঠানের ব্যাটিং ঝড়ে ভারত চার উইকেটে ১৮১ রান তুলেছে।

সেই ফাইনালে ভারত রান তাড়া করেছিল। আজ ১৮২ রানের টার্গেট তাড়া করতে হবে সনৎ জয়সূর্য, তিলকরত্নে দিলশানদের। আজ টস জিতে ফিল্ডিং নেন শ্রীলঙ্কা লেজেন্ডসের অধিনায়ক দিলশান। পায়ে চোট থাকলেও ব্যান্ডেজ বেঁধে খেলতে নামেন ভারত লেজেন্ডসের অধিনায়ক সচিন তেন্ডুলকর। সেই ছবি আবার টুইটারে পোস্ট করে সচিনের দায়বদ্ধতাকে কুর্নিশ জানিয়েছেন মহম্মদ কাইফ।
১২ বলে ১০ রান করে আউট হন বীরেন্দ্র শেহওয়াগ, দলের ১৯ রানের মাথায় হেরাথের বলে বোল্ড হওয়ার আগের বলেই ছক্কা মারেন বীরু। সাত রানে জয়সূর্যর শিকার হন তিনে নামা এস বদ্রীনাথ। এরপর সচিনের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন চারে নামা যুবরাজ। পাঁচটি চারের সাহায্যে ২৩ বলে ৩০ রান করে মাহরুফের বলে কট বিহাইন্ড হন সচিন তেন্ডুলকর। ভারত তখন ১০.৩ ওভারে ৩ উইকেটে ৭৮।
সেখান থেকে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারত ১৮১ রানে পৌঁছাল যুবরাজ সিং ও ইউসুফ পাঠানের বিস্ফোরক ব্যাটিংয়ে। দুজনেই অর্ধশতরান হাঁকান। চারটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪১ বলে ৬০ রান করে আউট হন যুবরাজ সিং। যুবরাজের এমন ব্যাটিং দেখে উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ টুইটে লেখেন, চেনা ছন্দে যুবরাজকে দেখে দারুণ লাগছে। দুই দলই ক্রিকেট উপভোগ করছে। তবে চাই ভারতই ট্রফি জিতুক।
১৮.২ ওভারে দলের ১৬৩ রানের মাথায় ফেরেন যুবরাজ। তাঁকে আউট করেন বীররত্নে। ৪টি চার ও ৫টি ছয়ের সাহায্যে ৩৬ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন ইউসুফ পাঠান। একটি ছক্কা-সহ ৩ বলে ৮ রান করে অপরাজিত থাকেন ইরফান পাঠান।
ছবি- রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ












Click it and Unblock the Notifications