দুই ওপেনারকে হারালেও বিরাটের শততম টেস্টে ভাল শুরু ভারতের
দুই ওপেনারকে হারালেও বিরাটের শততম টেস্টে ভাল শুরু ভারতের
বিরাটের শততম টেস্টে শুরুটা ভাল করল টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম সেশন শেষে ভারতের রান ১০৯/২। লাঞ্চের আগে দুই উইকেট হারালেও তার খুব বেশি প্রভাব পড়েনি ভারতের ইনিংসে।

শুক্রবার মোহালিতে ভাল শুরু করেও অতি উৎসাহী হয়ে শট খেলতে গিয়ে নিজের মূল্যবান উইকেট হারান রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে রোহিতের এটাই প্রথম টেস্ট ম্যাচ। অধিনায়ক রোহিত প্রথম ইনিংসকে স্মরণীয় করে রাখতে পারলেন না। মাত্র ২৯ রান করেই প্যাভিলিয়নের পথে হাঁটা লাগান তিনি। লাহিরু কুমারার বলে সুরঙ্গ লকমলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
লোকেশ রাহুলের অনুপস্থিতিতে ওপেনার হিসেবে এই টেস্টে মাঠে নেমেছিলেন ময়াঙ্ক আগারওয়াল। তিনি শুরুটা ভাল করেও দীর্ঘায়িত করতে পারেননি ইনিংস। ব্যক্তিগত ৩৩ রানে লাসিথ এমবুলদিনিয়ার বলে লেগ বিফোর উইকেট হয়ে ডাগ আউটে ফেরে আইপিএল-এ পঞ্জাব কিংসের অধিনায়ক। দুই ওপেনারকে হারালেও ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ভাল মতোই পালন করছেন দীর্ঘ দিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া হনুমা বিহারী। ৩০ রানে অপরাজিত রয়েছেন তিনি। ধারাবাহিক খারাপ ফর্মের কারণে চেতেশ্বর পূজারার জায়গায় ভারতীয় দলে খেলছেন হনুমা। তাঁর সঙ্গে ক্রিজে ১৫ রানে অপরাজিত রয়েছেন এই ম্যাচের প্রধান আকর্ষণ বিরাট কোহলি। এটা বিরাটের শততম টেস্ট ম্যাচ। দ্বাদশ ভারতীয় ক্রিকেটার হিসেবে শততম ম্যাচটি খেলছেন বিরাট। এই ম্যাচে তাঁর উপর প্রত্যাশার চাপ রয়েছে এটি বলে দিতে লাগে না। সারা দেশ তাকিয়ে রয়েছে বিরাটের থেকে বড় ইনিংস দেখার জন্য।
শুক্রবার শততম টেস্টের প্রাক্কালে বিরাট কোহলিকে সংবর্ধিত করে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফ থেকে প্রাক্তন ভারত অধিনায়কের হাতে জাতীয় দলের টেস্ট ক্যাপের একটি প্রতিরূপ স্মারক তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিরাটের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা। বোর্ডের পক্ষ থেকে বিরাটের হাতে বিশেষ উপহার তুলে দেন রাহুল দ্রাবিড়।












Click it and Unblock the Notifications