দেশকে দশেরার উপহার দিতে চান বিরাটরা, নাগপুরে অজি বধই ফোকাস
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ৩-১ এগিয়ে রয়েছে ভারত। বেঙ্গালুরুর পদস্খলন শুধরে নিয়ে ফের জয়ের ছন্দে ফিরতে চাইছে টিম ইন্ডিয়া।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে হোয়াইট ওয়াশের স্বপ্ন শেষ হয়ে গেছে বিরাট বাহিনীর, কিন্তু দশেরার পরের দিন দেশবাসীকে জয় উপহার দিতে চাইছেন টিম ইন্ডিয়ার সদস্যরা।

বেঙ্গালুরু ম্যাচে বেশ সহজাত ছন্দে থাকা অস্ট্রেলিয়াকে পাওয়া গেছে, সিরিজ তারা জিততে পারবে না জানে। কিন্তু স্টিভ স্মিথের ছেলেরা সিরিজের ফল ৩-২ করার একটা মরিয়া চেষ্টা করতে চাইছে রবিবাসরীয় নাগপুরে। চতুর্থ একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া ৫ উইকেটে ৩৩৪ রান করেছিল। সেই রান তাড়া করতে গিয়ে ২১ রানে হারতে হয়েছে টিম কোহলিকে। এই ম্যাচে প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন করেছিলেন। কিন্তু দুই স্ট্রাইক বোলার ভুবি ও বুমরাহের না থাকাটা ভুগিয়েছে দলকে। দীর্ঘদিন বাদে দলে সুযোগ পেয়ে সেভাবে জ্বলে উঠতে পারেননি উমেশ যাদব, মহম্মদ শামি। অক্ষর প্যাটেলও চোট সারিয়ে দলে ফিরে ভাল কিছু করে দেখাতে পারেননি।
তবে অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন, নাগপুরের ম্যাচেও দলে রোটেশান পদ্ধতিই জারি থাকবে। একটা ম্যাচে সফল না হতে পারায় কারোর ওপর কোপ দিতে তিনি নারাজ। কোহলি জানিয়েছেন, 'আমরা সিরিজ জিতে গেছি, কোনও এক পর্যায়ে দলের বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখতে পারি। পাশাপাশি ওঁদের ম্যাচে খেলার সময় দিতে হবে। '
টিম ইন্ডিয়ার জন্য সুখবর বাকি সব ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি থাকলেও নাগপুরের ম্যাচে তার কোনও আশঙ্কা নেই। বোলারদের আরও নিয়ন্ত্রিত পারফরম্যান্স এবং মিডিল অর্ডারের ব্যাটসম্যানদের ধৈর্যশীল ইনিংস ভারতকে ফের জয়ের রাস্তায় নিয়ে যাবে এমনটাই বিশ্বাস করছে ভারতীয় ক্রিকেট ফ্যানরা।












Click it and Unblock the Notifications