অ্যান্ডারসনরা লিডসে দুমড়ে দিলেন বিরাট ঔদ্ধত্য, ইংল্যান্ডে ফের কম রানের লজ্জা ভারতের!

লর্ডস টেস্টে জেতার পর ভারতের আত্মবিশ্বাস কিংবা অধিনায়ক বিরাট কোহলির ঔদ্ধত্য আজ লিডসে দুমড়ে দিলেন জেমস অ্যান্ডারসনরা। তার ফলে হেডিংলির ঘাস-হীন উইকেটে ৪০.৪ ওভারে মাত্র ৭৮ রানে শেষ ভারতের প্রথম ইনিংস। ১০৫ বল খেলে রোহিত শর্মার ১৯ রানই সর্বাধিক স্কোর। অজিঙ্ক রাহানে করেন ১৮। এরপর সর্বাধিক ১৬ রান অতিরিক্ত-র। বাকি কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

লজ্জার পারফরম্যান্স

লজ্জার পারফরম্যান্স

ইংল্যান্ডের মাটিতে অধিনায়ক হিসেবে টেস্টে আজই প্রথম টস জেতেন বিরাট কোহলি। উইকেটে ঘাস না দেখে ভারতীয় শিবির উল্লসিতই ছিল। বিরাট কোহলিও বলেছিলেন, বড় রান তোলাই লক্ষ্য এবং এই উইকেটে রবীন্দ্র জাদেজার স্পিন খুব কার্যকরী হবে। যদিও ভারত যেভাবে গুটিয়ে গেল তাতে ইংল্যান্ড চাইবে না চতুর্থ ইনিংসে ব্যাট করতে বা জেতার জন্য বড় রান তাড়া করতে। টস জিতে টেস্টে ব্যাট করতে নেমে কম রানে অল আউট হওয়ার তালিকায় ভারতের এদিনের স্কোর রয়েছে সপ্তম স্থানে। প্রথমেই নিউজিল্যান্ডের ৪৫, ২০১৩ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এরপর ২০০৫ সালে কেপটাউনেই জিম্বাবোয়ের ৫৪। তিন ও চারে রয়েছে পাকিস্তানের দুটি কম রানের কীর্তি। ২০০২ সালে শারজায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৯ ও ২০১০ সালে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে ৭২ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। পাঁচ থেকে সাতে ভারতের তিন লজ্জাজনক স্কোর। ১৯৮৭ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৫ এবং ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬। এই দুটি টেস্টেই ভারত হেরে গিয়েছিল। এর পরেই রইল লিডসে আজকের ৭৮। ১৯৭৯ সালে লর্ডসে ভারত ৯৬ রানে প্রথম ইনিংসে অল আউট হয়েও টেস্ট ড্র রাখতে সক্ষম হয়েছিল।

শুরু থেকেই বিপর্যয়

শুরু থেকেই বিপর্যয়

উইকেট সবুজ না হলেও এদিন শুরু থেকেই হেডিংলি ছিল সিম ফ্রেন্ডলি। প্রথম ওভারের পঞ্চম বলেই লোকেশ রাহুলকে শূন্য রানে কট বিহাইন্ড করেন জেমস অ্যান্ডারসন। পঞ্চম ওভারের প্রথম বলে চেতেশ্বর পূজারাও কট বিহাইন্ড হন এক রানে। ভারতের দ্বিতীয় উইকেট পড়ে চার রানে। বিরাট কোহলিও কট বিহাইন্ড, এই টেস্টে অ্যান্ডারসনের তৃতীয় শিকার। ভারত অধিনায়ক সাতের বেশি করতে পারেননি। ভারতের তৃতীয় উইকেট পড়ে ২১ রানে। লাঞ্চের আগে অজিঙ্ক রাহানেও কট বিহাইন্ড হন। তবে তাঁকে আউট করেন অলি রবিনসন। ২৫.৫ ওভারে লাঞ্চে ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ৫৬।

কলঙ্ক এড়াল শেষ উইকেট জুটি

কলঙ্ক এড়াল শেষ উইকেট জুটি

লাঞ্চের পর প্রথম ফেরেন ঋষভ পন্থ। আগের চারজনের মতো তিনিও উইকেটকিপার জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। রবিনসনের দ্বিতীয় শিকার পন্থ করেন ২। ভাকতের পঞ্চম উইকেট পড়ে ৫৮ রানে, ২৯.১ ওভারে। ম্যাচের ৩৭তম ওভারের চতুর্থ বলে রোহিত শর্মা ক্রেগ ওভার্টনের বলে আউট হন। মার্ক উডের জায়গায় খেলছেন ওভার্টন। ১০৫ বল খেলে ১৯ রান করেন রোহিত, এটিই দলের সর্বাধিক। ভারত ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম উইকেট হারায় ৬৭ রানেই। রোহিত ফেরার পরের বলেই শূন্য রানে প্যাভিলিয়নের রাস্তা ধরেন মহম্মদ শামি। এরপর ঠিক তৃতীয় বলের মাথাতেই আউট রবীন্দ্র জাদেজা। স্যাম কারানের বলে ৪ রানে লেগ বিফোর হন জাদেজা। পরের বলেই জসপ্রীত বুমরাহকে লেগ বিফোর করেন কারান। টেস্টে প্রথম ইনিংসে ভারতের সবচেয়ে কম রানের লজ্জার রেকর্ড অবশ্য লিডসে হয়নি শেষ উইকেটে ইশান্ত শর্মা ও মহম্মদ সিরাজ ১১ রান যোগ করায়। আট ওভারে পাঁচটি মেডেন দিয়ে ছয় রানের বিনিময়ে তিন উইকেট নেন জেমস অ্যান্ডারসন। গত বছর আজকের দিনেই সাউদাম্পটনে আজহার আলিকে আউট করে ৬০০তম টেস্ট উইকেট নিয়েছিলেন। আজকের স্পেলও স্মরণীয় হয়ে রইল। ক্রেগ ওভারটন ১৪ রানে তিনটি এবং অলি রবিনসন ও স্যাম কারান ২টি করে উইকেট পেয়েছেন।

ঔদ্ধত্য চুরমার

ঔদ্ধত্য চুরমার

লর্ডস টেস্ট জেতার পর থেকেই ভারতীয়রা মুখে আত্মতুষ্টিতে না ভোগার কথা বললেও মাঠে আগ্রাসী মনোভাব দেখিয়ে বিশাল যুদ্ধজয়ের ভাব করছিলেন। কিন্তু প্রবাদ আছে কথা কম কাজ বেশি, সেটা ভারত না পারলেও করে দেখাল জো রুটের দল। মাঠেই পাল্টাটা দিয়ে পারফরম্যান্সের সুবাদে। যে লাইন ও লেংথে ধারাবাহিকভাবে অ্যান্ডারসনের নেতৃত্বে ইংল্যান্ডের বোলাররা বল করে গেলেন সেটা অবশ্য ভারতীয়দের ক্ষেত্রে দেখা যায়নি। সর্বোপরি বিরাট কোহলির নেতৃত্বে অ্যাডিলেডে ৩৬ রানে অল আউট হওয়ার পর এবার লিডসে ফের লজ্জাজনক স্কোর করল ভারত। বিরাট কোহলি হাবেভাবে আগ্রাসীথাকলেও ব্যাটে রানে ফিরতে কতটা প্রয়াস করছেন তা নিয়ে প্রশ্ন থাকছে তার লাগাতার ব্যর্থতায়। মিরাকল ছাড়া এখন টেস্ট বাঁচানো অসম্ভব। কেন না, চা বিরতির আগে ৭ ওভারে ইংল্যান্ড বিনা উইকেটে ২১ রান তুলে ফেলেছে। ভারতের চেয়ে পিছিয়ে মাত্র ৫৭ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+