India vs Australia ODI: মুম্বইয়ে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্য়াট করতে পাঠাল ভারত, দুই দলের একাদশে কারা?
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম একদিনের আন্তর্জাতিকে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠাল ভারত। হার্দিক পাণ্ডিয়া এই প্রথম ভারতকে কোনও একদিনের আন্তর্জাতিকে নেতৃত্ব দিচ্ছেন। মায়ের প্রয়াণের কারণে প্যাট কামিন্স না আসায় অস্ট্রেলিয়া নামছে স্টিভ স্মিথের নেতৃত্বে। ফলে পাঁচটি ওডিআইয়ে এই নিয়ে অজিদের নেতৃত্ব দিচ্ছেন চার অধিনায়ক।

রান তাড়া করবে ভারত
এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতির নিরিখে গুরুত্ব দিচ্ছে দুই শিবিরই। হার্দিক পাণ্ডিয়া বলেন, ডিউ ফ্যাক্টর হতে পারে। তাছাড়া ভারত প্রথমে ব্যাটিং ভালো করছে। এবার রান তাড়া কেমন করে সেটা দেখে নেওয়াও পরের ব্যাট করার অন্যতম কারণ। একদিনের আন্তর্জাতিকে প্রথমবার নেতৃত্ব দেওয়াও তিনি উপভোগ করছেন। স্টিভ স্মিথ জানান, তিনিও টস জিতলে পরে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন। গরমে ফিল্ডিং করতে অসুবিধা হবে না।

ব্যাটিং সহায়ক পিচ
পিচ রিপোর্ট দিতে গিয়ে অজিত আগরকার ও মুরলী কার্তিক জানান, ওয়াংখেড়েতে যেমন পিচ হয় আজ তেমনই উইকেট। শক্ত উইকেটে কিছুটা বাউন্স আদায় করতে পারবেন বোলাররা। পিচে কিছুটা ঘাস রয়েছে। ফলে ১০০ ওভারে পিচে খুব বেশি বদল আসবে না। তবে এখানকার পিচ খেলা যত গড়ায় ততই ব্যাটিং সহায়ক হয়ে যায়। নৈশালোকে ব্য়াটিং করা সহজ। ডিউ ফ্যাক্টর থাকবে না। যদিও হার্দিক মনে করছেন, ডিউ ফ্যাক্টর প্রভাব ফেলতে পারে। তিনি টস জিতে ফিল্ডিংই নিয়েছেন।

চার পেসারে ভারত
ভারত এই ম্যাচে চার পেসারে খেলছে। হার্দিক পাণ্ডিয়া ছাড়াও রয়েছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর। তবে কুল-চা জুটিকে দেখা যাচ্ছে না। কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলকে খেলানো হচ্ছে। শ্রেয়স আইয়ারের জায়গায় চারে খেলবেন সূর্যকুমার যাদব।

ওয়ার্নার, ক্যারি নেই অস্ট্রেলিয়া দলে
অস্ট্রেলিয়া দলে সবচেয়ে বড় চমক ডেভিড ওয়ার্নারের না থাকা। অধিনায়ক স্টিভ স্মিথ জানান, ওয়ার্নার পুরো ফিট নন। তাই ট্রাভিস হেডের সঙ্গে ওপেন করবেন মিচেল মার্শ। অ্যালেক্স ক্যারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাই উইকেটের পিছনে দাঁড়াবেন জশ ইনগ্লিস। কয়েক মাস পর অস্ট্রেলিয়া দলে কামব্যাক করলেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া শিবিরের তরফে জানানো হয়েছে ওয়ার্নারের রিহ্যাব চলছে। দ্বিতীয় বা তৃতীয় ম্যাচে নামবেন।
|
একনজরে একাদশ
ভারত- শুভমান গিল, ঈশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি
অস্ট্রেলিয়া- ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইনগ্লিস (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, শন অ্যাবট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা












Click it and Unblock the Notifications