মোহালিতে গোলাপি বলে অনুশীলনে বিরাটরা, দিন-রাতের টেস্টে ভারতের ট্র্যাক রেকর্ড কেমন?
মোহালিতে তিন দিনেই শ্রীলঙ্কাকে চূর্ণ করে দুই টেস্টের সিরিজে এগিয়ে গিয়েছে ভারত। এ দেশে এসে আজ অবধি কোনও টেস্ট জিততে পারেনি শ্রীলঙ্কা। ফলে অঘটন না ঘটলে ভারত যে দিমুথ করুণারত্নের দলকে হোয়াইটওয়াশ করে বেঙ্গালুরু থেকে শ্রীলঙ্কায় পাঠাবে সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। দেশের মাটিতে ভারত এখনও দিন রাতের টেস্টে পরাস্ত তো হয়ইনি, জিতেছে দুরন্ত দাপট দেখিয়ে। বেঙ্গালুরু টেস্টে ভারতের কম্বিনেশনের দিকেই সকলের নজর।

কম্বিনেশন নিয়ে জল্পনা
আজ মোহালিতে ভারতের অপশনাল প্র্যাকটিস রাখা হয়েছিল। গোলাপি বলে অনুশীলন করতে দেখা গিয়েছে বিরাট কোহলি, শুভমান গিল, হনুমা বিহারী, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়ন্ত যাদব, প্রিয়াঙ্ক পাঞ্চাল ও সৌরভ কুমারকে। অক্ষর প্যাটেল দ্বিতীয় টেস্টের দলে আসায় কুলদীপ যাদবকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অক্ষর প্যাটেল না মহম্মদ সিরাজ, চিন্নাস্বামীতে কে প্রথম একাদশে থাকবেন তা নিয়েই চলছে জল্পনা। বেঙ্গালুরুর পিচে এই প্রথম দিন-রাতের টেস্ট হবে। এমনিতে এখানকার পিচে প্রথম তিন দিন ব্যাটাররা সুবিধা পান। শেষ দুই দিন ফায়দা আদায় করতে সক্ষম হন স্পিনাররা। বেঙ্গালুরুর পিচকে হাতের তালুর মতো চেনা বিরাট কোহলির পরামর্শ নিশ্চিতভাবেই গুরুত্ব দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গোলাপি এসজি বল সেখানে কেমন আচরণ করে সেটাও দেখার।

ইডেনে প্রথমবার
দেশের মাটিতে ভারত প্রথম দিন-রাতের টেস্টটি খেলেছিল ২০১৯ সালে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে। টস জিতে ব্যাট করেছিল বাংলাদেশ। টেস্ট শেষ হয়ে গিয়েছিল তিন দিনেই। প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে ভারত ৯ উইকেটে ৩৪৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিল। বিরাট কোহলি সেই টেস্টেই শতরান পেয়েছিলেন (১৯৪ বলে ১৩৬), তারপর থেকে তাঁর ব্যাটে শতরান নেই। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৯৫ রানে গুটিয়ে যায়। প্রথম ইনিংসে পাঁচটি ও দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে ম্যাচের সেরা হন ইশান্ত শর্মা। ভারতের পেসাররা বাংলাদেশের ১৯টি উইকেট তুলে নিয়েছিলেন।

অ্যাডিলেডে দুঃস্বপ্ন
ভারত দ্বিতীয় দিন-রাতের টেস্টটি খেলেছিল অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ২০২০ সালের ডিসেম্বরে। সিরিজের প্রথম টেস্ট শেষ হয়েছিল তিন দিনেই। ভারত প্রথম ইনিংসে ২৪৪ করার পর অস্ট্রেলিয়া অল আউট হয়েছিল ১৯১ রানে। এরপর মাত্র ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন দলের দ্বিতীয় ইনিংস। অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়েই জয়ের রান তুলে নিয়েছিল। সেই টেস্টে রবিচন্দ্রন অশ্বিন চারটি, উমেশ যাদব ৩টি ও জসপ্রীত বুমরাহ দুটি উইকেট নেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নেন অশ্বিন।

আমেদাবাদে বাজিমাত ২ দিনেই
ভারত গোলাপি বলে তৃতীয় টেস্টটি খেলেছিল গত বছর আমেদাবাদে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে সেই টেস্টটি শেষ হতে লেগেছিল ২ দিন। ইংল্যান্ড টস জিতে ব্যাট করতে নেমে করেছিল ১১২, ভারত করে ১৪৫। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ৮১ রানে শেষ হয়ে যায়। ভারত কোনও উইকেট না হারিয়েই জয়ের জন্য ৪৯ রানের টার্গেটে পৌঁছে গিয়েছিল। প্রথম ইনিংসে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন অক্ষর প্যাটেল। অশ্বিন প্রথম ইনিংসে তিনটি ও দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেন। প্রথম ইনিংসে ইশান্ত শর্মা ও দ্বিতীয় ইনিংসে ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট দখল করেছিলেন।












Click it and Unblock the Notifications