এই পাঁচটি সমস্যা মেটাতে না পারলে বিশ্বকাপে ভারতের সফল হওয়া মুশকিল
এই পাঁচটি সমস্যা মেটাতে না পারলে বিশ্বকাপে ভারতের সফল হওয়া মুশকিল
আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় পারি দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটি দল। ব্যতিক্রম নয় ভারতও। ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে পরাজিত করে রোহিত শর্মার দল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ব্রতী। তবে, ভারতরে বিশ্বকাপ জয়ের রাস্তা কণ্টকাবৃত হতে পারে যদি না এই পাঁচটি সমস্যার সমাধান খুঁজে বের করতে পারে টিম ইন্ডিয়া।

জসপ্রীত বুমরাহেরপরিবর্তন:
বিশ্বে এই মুহূর্তে অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহ। সোমবার সরকারী ভাবে বুমরাহ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ফলে অনেকটাই দুর্বল হয়ে পড়ল ভারতের বোলিং। বুমরাহ শুরুর ওভারের মতোই কার্যকরী ডেথ ওভারে। বুমরাহ অনুপস্থিতিতে ভারতীয় দলের ডেথ ওভারের কী হাল হয় তা এশিয়া কাপ থেকে দেখে আসছে বিশ্ব। জসপ্রীত বুমরাহের যোগ্য পরিবর্তন (যা একমাত্র মহম্মদ শামিই হতে পারেন) বের করতে না পারলেও টি-২০ বিশ্বকাপে বেশ বিপাকে পড়তে হতে পারে ভারতকে। মহম্মদ সিরাজের কথাও নির্বাচকরা ভাবতে পারেন কিন্তু ডেথ ওভারে জলের মতো রান খরচ করার 'বিশেষ দক্ষতা' রয়েছে তাঁর।

ডেথ বোলিং:
ভারতীয় দলের সমস্যা বা দুর্বলতা নিয়ে কথা হবে আর ডেথ বোলিং-এর কথা বলা হবে না তাও কী হয়! ভারতের ডেথ বোলিং-এর মতো বড় সমস্যার জায়গা আর দ্বিতীয়টি নেই। কোনও বোলারই ডেথ বোলিং-এ দায়িত্ব গ্রহণ করতে পারেননি। ভুবনেশ্বর কুমার হোক কিংবা হর্ষল প্যাটেল কিংবা অর্শদীপ সিং- ডেথ বোলিং-এ দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে প্রত্যেকে ডাহা ফেল। এশিয়া কাপ থেকে ডেথ ওভারে বোলারদের ছন্দ পতনের ছন্দ এখনও বর্তমান। এই সমস্যার সমাধানের উপায় যদি ভারত খুঁজে না পায় তা হলে টি-২০ বিশ্বকাপে বড়ই বিপাকে পড়তে হবে রাহুল দ্রাবিড়-রোহিত শর্মার দলকে।

হার্দিক পান্ডিয়ার কোনও যোগ্য পরিবর্তন নেই:
ভারতীয় দলের সব থেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। আইপিএল থেকেই ছন্দে রয়েছেন হার্দিক। ব্যাট এবং বল হাতে এশিয়া কাপ এবং পরবর্তী সিরিজগুলিতে তাঁর দাপট দেখেছে গোটা বিশ্ব। আইপিএল-এ নতুন ফ্রাঞ্চাইজি গুজরাত টাইটানসকে চ্যাম্পিয়ন করিয়েছে হার্দিক। শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও দাপট দেখিয়ে চলেছেন ক্রমাগত হার্দিক। কোনও কারণে প্রতিযোগীতার মাঝে হার্দিক চোট পেলে কে তাঁর পরিবর্তন হবেন তা আগে থেকেই ভেবে রাখতে হবে ভারতকে। না হলে গুরুত্বপূর্ণ সময়ে হার্দিক চোটের কবলে পড়লে অত্যন্ত সমস্যার সম্মুখীন হবে ভারত। এমনিতেই চোটের কারণে অনেক আগে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাডেজা।

ঋষভ পন্থের ফর্ম:
টি-২০ ক্রিকেটে ছন্দে নেই ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একমাত্র তৃতীয় টি-২০ ম্যাচে কিছুটা রান পেয়েছেন তিনি। ২৭ রান করেছেন হোলকার স্টেডিয়ামে। মিডল অর্ডারে পন্থ খেলার সময়েও বিশেষ কোনও ছাপ ফেলতে পারেননি। যা চিন্তার বিষয় ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের। পন্থের এই ফর্মের কারণে প্রথম একাদশে প্রথম পছন্দ ঋষভ পন্থ।

যুজবেন্দ্র চাহাল:
ভারতের সাফল্যের অন্যতম সমীকরণ হল যুজবেন্দ্র চাহালের সাফল্য। কিন্তু এই লেগ স্পিনার ধারাবাহিক ভাবে উইকেট সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছেন। কোনও কোনও ম্যাচে এতটাই খারাপ বোলিং করছেন যেখান থেকে ম্যাচ বের করে নিয়ে আসা অন্য ক্রিকেটারদের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে চাহাল রান খরচ করেছেন জলের মতো। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচেও চাহাল খেলেননি। তবে, আশা করা যায় টি-২০ বিশ্বকাপে ফর্ম খুঁজে পেতে পারেন যুজবেন্দ্র চাহাল কারণ অস্ট্রেলিয়ার বাউন্ডারি যথেষ্ট বড়, সম্ভাবনা রয়েছে তাঁর সাফল্য পাওয়ার।












Click it and Unblock the Notifications