India vs Bangladesh: চিপকে ইতিহাস গড়ল ভারত, বাংলাদেশকে হারিয়ে টেস্টে বিরাট মাইলস্টোন টিম ইন্ডিয়ার
ঐতিহাসিক চিপকে আরও একটি ইতিহাস গড়ল ভারত। টেস্ট ইতিহাসে প্রথমবার ভারতের পরাজয়ের সংখ্যাকে টপকে গেল জয়ের সংখ্যা। ২২ সেপ্টেম্বর ২০২৪, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক সোনালী দিন হিসেবে থেকে যাবে ইতিহাসের পাতায়।
রবিবার চেন্নাই টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের বিরুদ্ধে ২৮০ রানে জয় হাসিল করল টিম ইন্ডিয়া। এটা বাংলাদেশের বিরুদ্ধে সবথেকে বড় ব্যবধানে টেস্ট জয়। তবে এই জয় আরও একটি কারণে স্পেশ্যাল হয়ে থাকল। এখনও পর্যন্ত ভারত ৫৮০ টেস্ট ম্যাচ খেলেছে, এরমধ্যে জয় পেয়েছে ১৭৯টি টেস্টে। ১৭৮টি টেস্টে ভারত হেরেছে। ৯২ বছরের টেস্ট ইতিহাসে ভারতের হারের সংখ্যা সব সময়ই বেশি থেকে। এবার সেই অধ্যায়ের সমাপ্তি হল।

২০০৯ সালে ভারত শততম টেস্ট জয়টি পায়। ৪৩২ ম্যাচ খেলে ভারতের শততম টেস্ট জয় হয়। ২০২৪ সালে ভারত ১৭৯তম জয়টি হাসিল করল। এই যাত্রায় টিম ইন্ডিয়া ৩৬ জন অধিনায়কের নেতৃত্বে খেলেছ। সি.কে. নাইডু ছিলেন প্রথম, আর রোহিত শর্মা বর্তমান। সেইসঙ্গে ইতিহাসের পাতায় নিজের স্থানকে আরও একবার সোনালী অক্ষরে লিখে রাখলেন অধিনায়ক রোহিত।
১৯৩২ সালে ভারত টেস্ট খেলা শুরু করলেও, ভারতীয় দল প্রথম টেস্ট ম্যাচে জয় পায় ১৯৫২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। প্রথম জয় পেতে টিম ইন্ডিয়ার ২০ বছর লেগেছিল। কাকতালীয়ভাবে, সেই ঐতিহাসিক জয়টি ঘটেছে চেন্নাইতে যা ভারত বনাম বাংলাদেশ ১ম টেস্টের ভেন্যু। ভারতীয় দল এখন পর্যন্ত চেন্নাইয়ে ৩৫টি টেস্ট খেলেছে। এর মধ্যে জিতেছে ১৬টিতে, হার ৭টিতে, ড্র ১১টি, একটি টেস্ট টাই হয়েছে।












Click it and Unblock the Notifications