SA vs IND: বিশ্বের প্রথম দেশ হিসেবে টি২০ আন্তর্জাতিকে ঈর্ষণীয় কীর্তি ভারতের, সেঞ্চুরিয়নে নজিরের ছড়াছড়ি
SA vs IND: সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ভারত ১১ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চলতি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল। কাল সিরিজের চতুর্থ তথা শেষ ম্যাচ।
গতকালের জয়ে ভারত দুটি ঈর্ষণীয় নজির স্থাপন করল। তার মধ্যে একটি বিশ্বের প্রথম দেশ হিসেবে। ব্যাটে-বলে নজির গড়েছেন ভারতীয় ক্রিকেটাররাও। এক কথায়, সেঞ্চুরিয়নেও নজিরের ছড়াছড়ি। এই প্রতিবেদনে সেদিকেই আলোকপাত করা যাক।

ভারতীয় ব্যাটাররা তৃতীয় টি২০ আন্তর্জাতিকে ১৩টি ছক্কা হাঁকিয়েছেন। তার ফলে চলতি বছর টি২০ আন্তর্জাতিকে ভারত ২০০টি ছক্কা মারার নজির গড়ল। বিশ্বের প্রথম দেশ হিসেবে। চলতি বছর ভারত দলগতভাবে ২০০ বা তার বেশি রান করল এই নিয়ে অষ্টমবার।
গত বছর টি২০ আন্তর্জাতিকে ভারত সাতবার ২০০ বা তার বেশি রান তুলেছিল। এ ছাড়া ২০২২ সালে বার্মিংহাম বিয়ারস ও চলতি বছর জাপান ৭ বার করে দুশোর গণ্ডি ছুঁয়েছে টি২০ ফরম্যাটে।
ভারত ২৪১টি টি২০ আন্তর্জাতিকে গতকাল ১৬৪তম জয়টি ছিনিয়ে নিয়েছে। বিদেশের মাটিতে এটি ভারতের শততম টি২০ আন্তর্জাতিক জয়। এর আগে এই কীর্তি স্থাপন করেছে একমাত্র পাকিস্তান।
তিলক বর্মা ভারতের দ্বাদশ ব্যাটার হিসেবে টি২০ আন্তর্জাতিকে শতরান পেলেন। যার ফলে ক্যালেন্ডার ইয়ারে টি২০ আন্তর্জাতিকে ভারতীয় ব্যাটাররা পাঁচটি শতরান হাঁকালেন। ২০২৩ সালেও ভারতীয় ব্যাটাররা টি২০ আন্তর্জাতিকে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন। ২০১৬ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটাররাও মোট ৫টি শতরান পান।
নজির গড়েছেন বরুণ চক্রবর্তীও। ভারতের হয়ে দ্বিপাক্ষিক টি২০ সিরিজে তিনিই সর্বাধিক উইকেটশিকারী। চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তাঁর উইকেট-সংখ্যা ১০। ২০১৬ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে রবিচন্দ্রন অশ্বিন ও গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবি বিষ্ণোই ৯টি উইকেট পেয়েছিলেন।
অর্শদীপ সিং বর্তমানে টি২০ আন্তর্জাতিকে ভারতের সফলতম পেসার। তিনি গতকালই টপকে গেলেন ভুবনেশ্বর কুমারের ৯০টি উইকেটের নজির। অর্শদীপের ঝুলিতে আপাতত ৯২টি টি২০ আন্তর্জাতিক উইকেট। টি২০ আন্তর্জাতিকে ভারতের সর্বাধিক উইকেটশিকারী যুজবেন্দ্র চাহাল (৯৬)। আর ৫টি শিকারেই চাহালকে টপকে যাবেন অর্শদীপ।
রামনদীপ সিং গতকাল সূর্যকুমার যাদবের নজির স্পর্শ করলেন। গতকালই টি২০ আন্তর্জাতিক অভিষেক হলো রামনদীপের। তিনি সাতে নেমে আন্ডিল সিমেলেনের প্রথম বলেই ছক্কা হাঁকান। টি২০ আন্তর্জাতিকে ছক্কা হাঁকিয়ে অভিষেকের নজির ছিল সূর্যর। ২০২১ সালে আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেকে সূর্য জোফ্রা আর্চারের প্রথম বলেই ছক্কা হাঁকান।












Click it and Unblock the Notifications