India vs Bangladesh: টেস্ট ক্রিকেটে টি২০-র মেজাজ, দ্রুততম রান তোলার নিরিখে একের পর এক নজির ভারতের
কানপুর টেস্টের প্রথম দিন খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। বৃষ্টির কারণে দ্বিতীয় এবং তৃতীয় দিনের খেলা সম্পূর্ণ ভেস্তে গিয়েছিল। কিন্তু চতুর্থ দিনের খেলা শুরু হতেই টি২০-র মেজাজে খেলতে থাকে ভারতীয় দল। হাতে ২ দিন সময় থাকলেও এই ম্যাচেও জয়ের জন্য অল আউট ঝাঁপালো ভরতীয় দল।
বাংলাদেশকে দ্রুত ২৩৩ রানে অল আউট করে দিয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ব্যাট হাতে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। কানপুরে সাদা জার্সিতে লাল বলের ক্রিকেটে দেখা গেল টি২০-র ছোঁয়া।

কিন্তু অতি আগ্রাসী খেলতে গিয়ে এই ইনিংসেও বড় রান পেলেন না রোহিত শর্মা। ১১ বলে ২৩ রান করে মেহেদি হাসান মিরাজের বলে আউট হলেন ভারত অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল তিনটি ছক্কা এবং ১টি চার। প্রথমে একবার আম্পায়ারের সিদ্ধান্তে আউট হয়েছিলেন। কিন্ত ডিআরএস নিয়ে বেঁচে যান। তার পরের বলেই বোল্ড হলেন। চেন্নাই টেস্টে দুই ইনিংসে করেছিলেন ৬ এবং ৫ কানপুরে এসেও বড় রানে ব্যর্থ হলেন রোহিত, ফলে তাঁকে নিয়ে চিন্তা বাড়ছে টিম ম্যানেজমেন্টের।
এরপর আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকা যশস্বীর সঙ্গী হন গিল। রোহিতের মতোই টি২০ স্টাইলে খেলতে শুরু করেন যশস্বীও। কিন্তু চা পানের বিরতির আগেই আউট হলেন তরুণ ভারতীয় ওপেনার। ৫১ বলে ৭২ রানের দুরন্ত ইনিংস খেলেন জয়সওয়াল। তাঁর ইনিংসে ছিল ১২টি চার এবং দুটি ছক্কা।
দ্রুত রান তোলার জন্য বিরাট কোহলির জায়গায় এরপর নামেন ঋষভ পন্থ। চিপকে দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলেন আগ্রাসী মেজাজেই। এবারও তাঁর সামনে বড় পরীক্ষা দ্রুত রান তোলার। চা পানের বিরতির সময় ভারকতের স্কোর ২ উইকেটে ১৩৮। গিল ৩৭ এবং পন্থ ৪ রানে ব্যাটিং করছেন। দ্রুততম অর্ধশতরানের পর দ্রুততম দলীয় শতরানও করল ভারত। ৬১ বলেই শতরান আসে। এরপর দ্রুততম ১৫০ রানও করে ভারত। এরপর দলীয়ভাবে দ্রুত ২০০ রানও তুলল ভারত। ২৪.২ ওভারেই ২০০ রান তুলে ফেলে টিম ইন্ডিয়া।
প্রথম তিন দিন খেলা নষ্ট হওয়ায় চতুর্থ দিনে বেশি ওভার খেলা হবে। শেষ সেশেনেও দ্রুত রান তুলতে হবে ভারতকে।












Click it and Unblock the Notifications