হারের হ্যাটট্রিকে মহিলা বিশ্বকাপে বিপাকে ভারত, সেমিফাইনালে চলে গেল ইংল্যান্ড
মহিলাদের বিশ্বকাপে হরমনপ্রীত কৌররা সেমিফাইনালে যেতে পারবেন কিনা তা অনেকটাই স্পষ্ট করে দেবে বৃহস্পতিবারের ভারত-নিউজিল্যান্ড দ্বৈরথ। ভারতের কাছে এখন বাকি দুটি ম্যাচই হয়ে দাঁড়াল কার্যত ডু-অর-ডাই।
চলতি বিশ্বকাপে টানা তিনটি ম্যাচ হারায় সঙ্কট বাড়ল ভারতের। নিউজিল্যান্ডকে হারালে কিছুটা অক্সিজেন পাওয়া যাবে। তার সঙ্গে বাংলাদেশকে হারালেই কেল্লাফতে।

আজ ইন্দোরে ভারতকে চার রানে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড। আগেই শেষ চার নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ভারত এখনও ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে চারে। পাঁচে থাকা নিউজিল্যান্ডের সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট। ভারত এগিয়ে নেট রান রেটে। বাংলাদেশ ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে আছে ছয়ে।
এদিন হোলকার স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৮৮ রান তোলে ইংল্যান্ড। ন্যাট সিভার-ব্রান্টের নেতৃত্বাধীন দলকে তিনশোর কমে বেঁধে ফেলার কৃতিত্ব বোলারদের দিয়েছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। তিনে নেমে হেদার নাইট ৯১ বলে ১০৯ রান করেন, ১৫টি চার ও একটি ছয়ের সাহায্যে। ওপেনার অ্যামি জোন্স ৫২ ও সিভার-ব্রান্ট ৩৮ রান করেন। দীপ্তি শর্মা চারটি ও শ্রী চরণী ২ উইকেট পেয়েছেন।
জবাবে খেলতে নেমে ১০ ওভারে ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৪২। প্রতীকা রাওয়াল ৬ ও হারলীন দেওল ২৪ রান করে আউট হন। এরপর ভারতের জয়ের আশা জাগিয়েছিল স্মৃতি মান্ধানার সঙ্গে হরমনপ্রীত কৌর ও পরে দীপ্তি শর্মার জুটি। মান্ধানা-কৌর জুটিতে ওঠে ১২৫ রান। মান্ধানা ও দীপ্তি মিলে যোগ করেন ৬৭ রান।
যদিও ম্যাচের টার্নিং পয়েন্ট বড় শট খেলতে গিয়ে মান্ধানার উইকেট ছুড়ে দিয়ে আসা। তারপর একই অপরাধে অপরাধী দীপ্তিও। রিচা ঘোষ, আমনজ্যোৎ কৌররাও এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। ২৩৪ রানে চতুর্থ উইকেট পড়ার পর ভারতের একটা সময় স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৬২। যার নিট ফল হারের হ্যাটট্রিক এড়ানো গেল না।
মান্ধানা আটটি চারের সাহায্যে ৯৪ বলে ৮৮ রান করলেন। হরমনপ্রীত ১০টি চারের সাহায্যে ৭০ বলে ৭০ ও দীপ্তি পাঁচটি চারের সাহায্যে ৫৭ বলে ৫০ রান করেন। একটা সময় পর্যাপ্ত উইকেট হাতে নিয়ে ভারতকে তুলতে হতো ৫৭ বলে ৫৭ রান। সেটাও হলো না। ন্যাট সিভার-ব্রান্ট ২টি এবং লরেন বেল, লিনসে স্মিথ, শার্লি ডিন ও সোফি এক্লেস্টোন একটি করে উইকেট নেন। কৃপণতম বোলিং করেন স্মিথ। ম্যাচের সেরা নাইট।
হরমনপ্রীত ম্যাচের পর বললেন, মান্ধানার উইকেটটাই টার্নিং পয়েন্ট। আমরা হেরে গেলেও ভালো ক্রিকেট খেলছি। শেষ পাঁচ ওভারের ব্যাটিং নিয়েও বিশেষ পরিকল্পনার প্রয়োজন উপলব্ধি করছেন কৌর। এদিনের হৃদয়বিদারক হারের পর যে কোনও মূল্যে নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ চারের আশা জিইয়ে রাখতে চায় ভারত।












Click it and Unblock the Notifications