অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বের ১ নম্বর দল হিসেবে ব্যবধান আরও বাড়াল ভারত, কোন দেশ দাঁড়িয়ে কোথায়?
আগামী মাসেই অস্ট্রেলিয়ায় শুরু টি ২০ বিশ্বকাপ। তার আগে রোহিত শর্মার ভারত বিশ্বের ১ নম্বর দল হিসেবে নিজেদের জায়গা আরও মজবুত করে ফেলল আইসিসি টি ২০ দলগত র্যাঙ্কিংয়ে। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের চেয়ে ব্যবধানও আরও বাড়ল, গতকালই পাকিস্তানের কাছে থ্রি লায়ন্স পরাস্ত হওয়ায়। দক্ষিণ আফ্রিকা যুগ্মভাবে রয়েছে তিনে, বুধবার থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে ভারত।

মোহালিতে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়েছিল ভারত। কিন্তু নাগপুর ও হায়দরাবাদে রান তাড়া করে দুরন্ত জয় ছিনিয়ে সিরিজ পকেটে পুরে ফেলে রোহিত শর্মার দল। সেই সুবাদে ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক জয় (২১)-এর রেকর্ডটিও নিজেজের দখলে নিয়েছে ভারত। ২০২১ সালে পাকিস্তান জিতেছিল ২০টি টি ২০ আন্তর্জাতিক। গতকালের ম্যাচে সূর্যকুমার যাদব ও বিরাট কোহলির ঝোড়ো অর্ধশতরানই ভারতের জয়ের পথ সুগম করে দেয়। ম্যাচ ফিনিশ করেন হার্দিক পাণ্ডিয়া। এই জয়ের ফলে ভারতের টিম র্যাঙ্কিং এক পয়েন্ট বাড়ল। মোট ২৬৮ রেটিং নিয়ে ভারত রয়েছে টি ২০ আন্তর্জাতিকে দলগত ক্রমতালিকার শীর্ষে।
দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের চেয়ে ভারত এগিয়ে ৭ পয়েন্টে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে ব্যবধান গতকালই বাড়ল। কেন না, পাকিস্তানের কাছে করাচিতে তিন রানে হেরে হিয়েছে ইংল্যান্ড। সাত ম্যাচের সিরিজ আপাতত ২-২ অবস্থায় দাঁড়িয়ে। টি ২০ বিশ্বকাপ শুরুর আগে র্যাঙ্কিংয়ে অনেক ওঠা-নামার সম্ভাবনাও রয়েছে। পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা যুগ্মভাবে রয়েছে তৃতীয় স্থানে। পাকিস্তান যদি শেষ তিনটি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে বাবর আজমের দল ইংল্যান্ডকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে। তবে ইংল্যান্ড যদি আর একটি ম্যাচও জেতে তাহলে তারাই থাকবে দ্বিতীয় স্থানে।
পাকিস্তানের মতো দক্ষিণ আফ্রিকার রেটিং ২৫৮। বুধবার থেকে দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে। সেই সিরিজে তেম্বা বাভুমার দল চাইবে র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটাতে। নিউজিল্যান্ড রয়েছে পাঁচে, তাঁদের রেটিং ২৫২। ভারতের কাছে সিরিজে পরাস্ত হওয়ায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া রয়েছে ছয়ে, এক পয়েন্ট কমে যাওয়ায় অজিদের রেটিং ২৫০। টি ২০ বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়া ৬টি টি ২০ আন্তর্জাতিক খেলবে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও ভারতের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সাত, শ্রীলঙ্কা আট, বাংলাদেশ নয় ও আফগানিস্তান রয়েছে দশ নম্বরে।












Click it and Unblock the Notifications