অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টের সিংহাসন দখল রোহিতদের, তিন ফরম্যাটেই বিশ্বের ১ নম্বর দল ভারত
নিউজিল্যান্ডকে দেশের মাটিতে হারিয়ে বিশ্বের ১ নম্বর ওডিআই দল হয়েছিল ভারত। এবার নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জয়ের সুবাদে ভারত টেস্টেও বিশ্বের ১ নম্বর দল হলো। তিন ফরম্যাটের সিংহাসনেই ভারত।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে ভারত বিশ্বের ১ নম্বর ওডিআই দল হয়ে গিয়েছিল। তার আগেই বিশ্বের ১ নম্বর টি ২০ আন্তর্জাতিক দলের মর্যাদাও আদায় করে নিয়েছিল মেন ইন ব্লু। নাগপুর টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংসে হারানোর সুবাদে টেস্টেও বিশ্বের ১ নম্বর দল হয়ে গেল ভারত।

টেস্টে ১ নম্বর ভারত
আইসিসি র্যাঙ্কিংয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই ১ নম্বর দল হয়ে ঈর্ষণীয় নজির গড়ে ফেলল ভারত। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের নতুন তালিকা আজ প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে ভারত ৩২টি ম্যাচ খেলে ১১৫ রেটিং পয়েন্ট আদায় করে শীর্ষস্থানের দখল নিয়েছে। ভারতের মোট পয়েন্ট ৩৬৯০। অস্ট্রেলিয়া নেমে গিয়েছে দ্বিতীয় স্থানে। প্যাট কামিন্সের দলের রেটিং পয়েন্ট কমে হয়েছে ১১১, ২৯টি টেস্ট খেলে অজিদের মোট পয়েন্ট ৩২৩১। তিনে রয়েছে ইংল্যান্ড, চারে নিউজিল্যান্ড, পাঁচে, দক্ষিণ আফ্রিকা, ছয়ে ওয়েস্ট ইন্ডিজ, সাতে পাকিস্তান, আটে শ্রীলঙ্কা, নয়ে বাংলাদেশ ও দশ নম্বরে রয়েছে জিম্বাবোয়ে। ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১০৬, নিউজিল্যান্ডের ১০০। এ ছাড়া আর কোনও দলের রেটিং পয়েন্ট ১০০ বা তার উপরে নেই।

প্রথমবার তিন ফরম্যাটে শীর্ষে
এই প্রথম ভারত আইসিসি র্যাঙ্কিংয়ে তিন ফরম্যাটেই বিশ্বের ১ নম্বর দল হলো। টি ২০ আন্তর্জাতিকে রোহিত শর্মা না খেলায় হার্দিক পাণ্ডিয়া নেতৃত্ব দিচ্ছেন। পাকাপাকিভাবে হার্দিককে টি ২০ অধিনায়ক হিসেবে ঘোষণা করেননি নির্বাচকরা। ফলে রোহিত শর্মাই সরকারিভাবে তিন ফরম্যাটেরই অধিনায়ক। সে কারণে প্রথম ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাই গড়লেন ঈর্ষণীয় নজির, যেখানে ভারত তিন ফরম্যাটেই এখন বিশ্বের ১ নম্বর দল।

অনন্য নজির
জানুয়ারিতে রোহিতের নেতৃত্বেই শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ক্লিন স্যুইপ নিশ্চিত করেছিল ভারত। নিউজিল্যান্ড ভারত সফরে এসেছিল বিশ্বের ১ নম্বর দল হিসেবে। কিন্তু ভারতের কাছে হোয়াইটওয়াশ হয়ে এক নম্বর দলের তকমা খোয়াতে হয় কিউয়িদের। ভারত ওডিআইয়ে এক নম্বর দল হওয়ার পর এবার টেস্টে ১ নম্বর দল হয়ে গেল। যদিও ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে আরও তিনটি টেস্ট বাকি। অজিদের সুযোগ থাকবে সিংহাসন পুনরুদ্ধারের। কিন্তু ভারত সিরিজ জিতে বিশ্বের ১ নম্বর টেস্ট দল হয়েই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নামতে দৃঢ়প্রতিজ্ঞ।

অশ্বিন, রোহিতের উত্থান
প্লেয়ারদের র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। ভারতের ইনিংস ও ১৩২ রানে জয়ের পিছনে অবদান রাখেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বোলারদের র্যাঙ্কিংয়ে রয়েছেন প্যাট কামিন্সের পরেই, দ্বিতীয় স্থানে। তাঁর রেটিং পয়েন্ট কামিন্সের চেয়ে মাত্র ২১ পয়েন্ট কম। ২০১৭ সালের পর ফের বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করার হাতছানি থাকছে অশ্বিনের সামনে। রোহিত শর্মা দুরন্ত শতরান করেছিলেন নাগপুরে। ব্যাটারদের তালিকায় তিনি আটে উঠে এসেছেন।












Click it and Unblock the Notifications