India vs West Indies 3rd ODI: শার্দুল-মুকেশের বিধ্বংসী বোলিং, ওয়েস্ট ইন্ডিজকে ২০০ রানে হারিয়ে সিরিজ ভারতের
India vs West Indies 3rd ODI: ত্রিনিদাদের টারৌবায় ব্রায়ান লারা স্টেডিয়ামে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজকে চূর্ণ করল ভারত। হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন মেন ইন ব্লু জয় পেল ২০০ রানে।
টস জিতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে পাঠিয়েছিল ভারতকে। হার্দিকের দল ৩৫২ রানের টার্গেট দিয়েছিল শেই হোপের নেতৃত্বাধীন ক্যারিবিয়ান ব্রিগেডকে। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ৩৫.৩ ওভারেই শেষ ওয়েস্ট ইন্ডিজ।

এই ম্যাচে মুকেশ কুমারকে দিয়ে বোলিং ওপেন করান হার্দিক। ক্যারিবিয়ান ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন মুকেশ। একটা সময় ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়িয়েছিল ১৪ ওভারে ৬ উইকেটে ৫০। ৭৫ রানে ৭ ও ৮৮ রানে অষ্টম উইকেটের পতন ঘটেছিল। অবশেষে ১৫১ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। মুকেশ কুমারের পাশাপাশি বল হাতে জ্বলে ওঠেন শার্দুল ঠাকুর।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৪ বলে সর্বাধিক ৩৯ রান করে অপরাজিত থাকেন গুডাকেশ মোতি। অ্যালিক আথানেজ ৩২, আলজারি জোসেফ ২৬ ও ইয়ান্নিক কারিয়াহ ১৯ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। একটি মেডেন-সহ ৭ ওভারে ৩০ রানের বিনিময়ে ৩ উইকেট নেন মুকেশ। প্রথম তিনটি উইকেটই তাঁর। ৬.৩ ওভারে ৩৭ রান দিয়ে চার উইকেট শার্দুল ঠাকুরের।

কুলদীপ যাদব ২টি ও জয়দেব উনাদকাট একটি উইকেট পেয়ছেন। ভারত প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৫১ রান তুলেছিল। শুভমান গিল ৮৫ রান করে ম্যাচের সেরার পুরস্কার পান। ঈশান কিষাণ তিনটি ওডিআইয়ে অর্ধশতরান করার ১৮৪ রান সংগ্রহ করে সিরিজ সেরার পুরস্কারের দখল নেন। ঈশান তৃতীয় ওডিআইয়ে করেন ৭৭।

হার্দিক পাণ্ডিয়া অপরাজিত থাকেন ৫২ বলে ৭০ রান করে। সঞ্জু স্যামসন ৫১ ও সূর্যকুমার যাদব করেন ৩৫। রোমারিও শেফার্ড ২টি এবং আলজারি জোসেফ, গুডাকেশ মোতি ও ইয়ান্নিক কারিয়াহ একটি করে উইকেট নেন। কাল টারৌবাতেই পাঁচ ম্যাচের টি ২০ সিরিজের প্রথম ম্যাচ।












Click it and Unblock the Notifications