রোহিতের ভারত শ্রীলঙ্কাকে উড়িয়ে টি ২০-তে গড়ল নয়া নজির, বুমরাহকে টপকে সর্বাধিক উইকেটশিকারী চাহাল
রোহিত শর্মার নেতৃত্বেই টি ২০ আন্তর্জাতিকে নয়া নজির গড়ল ভারত। গত নভেম্বর থেকে আজ পর্যন্ত টি ২০ আন্তর্জাতিকে টানা দশম জয় ছিনিয়ে নিল মেন ইন ব্লু। এর আগে ২০২০ সালে ভারত টানা ৯টি ম্যাচ জিতেছিল। জয়ের জন্য ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে এদিন বড় পরাজয়ের সম্মুখীন হলো শ্রীলঙ্কা। ৬২ রানের জয়ে ম্যাচের সেরা ঈশান কিষাণ। ভারত অধিনায়ক রোহিত শর্মা দলের জয়ে খুশি। প্রশংসা করেছেন কিষাণের। রবীন্দ্র জাদেজাকে এরপরও ব্যাটিং অর্ডারে তুলে আনার পরিকল্পনা রয়েছে। তবে দলের ফিল্ডিং, বিশেষ করে ক্যাচ পড়ার খামতি মেটানোয় জোর দিতে চান ভারত অধিনায়ক। আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো মানের ফিল্ডিং প্রত্যাশিত বলে মন্তব্য করেন রোহিত।
|
চাহালের রেকর্ড
জসপ্রীত বুমরাহকে টপকে টি ২০ আন্তর্জাতিকে ভারতের সর্বাধিক উইকেটশিকারী হয়ে গেলেন যুজবেন্দ্র চাহাল। ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম বলেই পাথুম নিসঙ্কার উইকেট হারায় শ্রীলঙ্কা। নিসঙ্কাকে বোল্ড করেন ভুবনেশ্বর কুমার। তৃতীয় ওভারের শেষ বলে কামিল মিশারা (১২ বলে ১৩)-র উইকেটটিও তুলে নেন ভুবি। সপ্তম ওভারের শেষ বলে জানিথ লিয়ানাগে ১১ রান করে ভেঙ্কটেশ আইয়ের শিকার হন। ৯.২ ওভারে দীনেশ চান্দিমল ফেরেন দলের ৫১ রানের মাথায়। তিনি ৯ বলে ১০ রান করে রবীন্দ্র জাদেজার বলে স্টাম্প আউট হন।

ভারতের দাপটে চূর্ণ শ্রীলঙ্কা
১০.৫ ওভারে দাসুন শনকার উইকেটটি তুলে নেন যুজবেন্দ্র চাহাল। শ্রীলঙ্কার অধিনায়ক তিন রানের বেশি করতে পারেননি। এই উইকেটটি টি ২০ আন্তর্জাতিকে চাহালের ৬৭তম উইকেট। জসপ্রীত বুমরাহ (৬৬ উইকেট)-কে টপকে তিনি এদিন হলেন টি ২০ আন্তর্জাতিকে ভারতের সর্বাধিক উইকেটশিকারী। ৬০ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় শ্রীলঙ্কা। ১৫.৪ ওভারে ৯৭ রানের মাথায় পড়ে ষষ্ঠ উইকেট। চামিকা করুণারত্নে ভেঙ্কটেশ আইয়ারের বলে স্টাম্প আউট হন ব্যক্তিগত ২১ রানে। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা শেষ অবধি তোলে ১৩৭ রান। চরিথ আসালঙ্কা পাঁচটি চারের সাহায্যে ৪৭ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। দুষ্মন্ত চামিরা ১৪ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

উজ্জ্বল ভুবি
ভারতের সফলতম বোলার ভুবনেশ্বর কুমার। বোলিং ওপেন করে পাওয়ারপ্লে-তে ২ ওভারে ৯ রানের বিনিময়ে তিনি ২ উইকেট নেন। দক্ষিণ আফ্রিকা সফরে ছন্দে না থাকলেও এদিনের পারফরম্যান্স তাঁর আত্মবিশ্বাস বাড়াবে নিশ্চিতভাবেই। ভেঙ্কটেশ আইয়ার ২ উইকেট পেলেও তিন ওভারে দেন ৩৬ রান। যুজবেন্দ্র চাহাল ৩ ওভারে ১১ রান দিয়ে ১টি উইকেট নেন। রবীন্দ্র জাদেজা কামব্যাক ম্যাচে ৪ ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। অভিষেক ম্যাচে দীপক হুডা ৩ ওভারে দেন ২৪। জসপ্রীত বুমরাহ ৩ ওভারে ১৯ ও হর্ষল প্যাটেল ২ ওভারে ১০ রান দেন। রোহিত সাতজন বোলার ব্যবহার করেছেন।

রোহিতদের নজির
ওয়েস্ট ইন্ডিজকে একদিনের সিরিজ ও টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত। তার আগে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে নিউজিল্যান্ডকে টি ২০ ও টেস্ট সিরিজে হারিয়েছিল। শ্রীলঙ্কা ভারতে এসেছে অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ বাঁচিয়ে। কিন্তু ভারতে শনকার দল তা পারবে কিনা তা নিয়ে সংশয় থাকছেই ভারতের দাপুটে জয়ের পর। আজ প্রথম একাদশে ৬টি পরিবর্তন করেও ভারত জয় ছিনিয়ে নিল। ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর অবধি ভারত টানা ৯টি টি ২০ আন্তর্জাতিক জিতেছিল। এবার সেই রেকর্ড ভেঙে গেল লখনউয়ে টানা দশম টি ২০ আন্তর্জাতিক জয়ে। টেস্টখেলিয়ে বড় দেশগুলির মধ্যে এই নজির আর কারও নেই।
|
রোহিতদের মুকুটে নয়া পালক
টি ২০ বিশ্বকাপে ৩, ৫ ও ৮ নভেম্বর ভারত হারিয়েছিল যথাক্রমে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়াকে। এরপর জয়পুর, রাঁচি ও কলকাতায় হারায় নিউজিল্যান্ডকে। ইডেনেই ওয়েস্ট ইন্ডিজকে টি ২০ সিরিজের তিনটি ম্যাচেই পরাস্ত করে রোহিত শর্মার দল। তারপর এদিনের জয়। আফগানিস্তান ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে টানা ১২টি টি ২০ আন্তর্জাতিক জিতেছিল। রোমানিয়াও টানা ১২টি টি ২০ আন্তর্জাতিক জেতে ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে। এ ছাড়া আফগানিস্তান ও উগান্ডার টানা ১১টি টি ২০ আন্তর্জাতিক জয়ের নজির রয়েছে। ভারত শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারালে নতুন নজিরও গড়ে ফেলবে।












Click it and Unblock the Notifications