রেকর্ড রানে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় ভারতের
আয়ারল্যান্ডকে টি২০ সিরিজে হারিয়ে দিল ভারত। দ্বিতীয় টি২০ ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪৩ রানে হারাল ভারত।
বোলারদের অসাধারণ পারফরম্যান্সের উপর নির্ভর করে আয়ারল্যান্ডকে দ্বিতীয় টি২০ ম্যাচেও বড় ব্যবধানে হারিয়ে দিল ভারত। ১৪৩ রানে দ্বিতীয় টি২০ ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিল ভারত।

এদিন টসে হেরে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যারি উইলসন। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তের উপর ভরসা জোগাতে ব্যর্থ হন আয়ারল্যান্ডের বোলাররা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে ভারত।
ভারতের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন আয়ারল্যান্ড সফরে প্রথম সুযোগ পাওয়া লোকেশ রাহুল। তিনি যে আইপিএলের ফর্ম এখনও ধরে রেখেছেন তা দেখিয়ে দিলেন রাহুল। মাত্র ৩৬ বলে ৭০ রান করেন লোকেশ রাহুল। রাহুলের ইনিংসটি সাজানো ছিল তিনটি চার এবং ছয়টি ছয় দিয়ে।
রাহুল ছাড়াও রান পান সুরেশ রায়না। ৪৫ বলে ৬৯ রান করেন সুরেশ রায়না। পাঁচটি চার এবং তিনটি ছয়ের সৌজন্যে সাজানো ছিল রায়নার ইনিংস।
এই দুই ব্যাটসম্যান ছাড়া কিছুটা রান পান মনীশ পান্ডে এবং হার্দিক পান্ডিয়া। ২০ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন মনীশ এবং কার্যকরী ন'বলে ৩২ রানের ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। ৪টি ছয় এবং ১টি চার দিয়ে সাজানো ছিল হার্দিকের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে ১২.৩ ওভারে মাত্র ৭০ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। কোনও আইরিশ ক্রিকেটারই এদিন রুখে দাঁড়াতে পারেননি কুলদীপ যাদব, উমেশ যাদবদের সামনে। কোনও আইরিশ ক্রিকেটারই এদিন ২০ রানের গণ্ডি পেরতে পারেনি। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ, মাত্র ১৫ রান করেন তাদের অধিনায়ক। ১৪ রান করেন উইলিয়াম পোলারফিল্ড, ১৩ রান করেন স্টুয়ার্ট থমসন। ১০ রান করে আউট হন বয়েড রাংকিন। এই চার ব্যাটসম্যান ছাড়া কেউ দশ রানের গণ্ডিই টপকাতে পারেনি।
ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চহাল। দু'টি উইকেট নেন উমেশ যাদব। একটি করে শিকার সিদ্ধার্থ কল এবং হার্দিক পান্ডিয়ার।
ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কেএল রাহুল। টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছে যুজবেন্দ্র চহাল।












Click it and Unblock the Notifications