IND vs ENG: বুমবলে থমকাল বাজবল! বিশাখাপত্তনম টেস্ট জিতে সিরিজে ফিরল রোহিতের ভারত
IND vs ENG: বিশাখাপত্তনম টেস্টে পূর্ণশক্তির দল না পেয়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারত। থমকে গেল বাজবল। দ্বিতীয় টেস্টে ৩৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ইংল্যান্ড অল আউট হয়ে গেল ২৯২ রানে।
ভারত টেস্ট জিতল ১০৬ রানে। সিরিজ ১-১ করে রাজকোটে যাবেন রোহিতরা। জ্যাক ক্রলি ছাড়া ইংল্যান্ডের কোনও ব্যাটারই তেমন প্রতিরোধ গড়তে পারেননি। জসপ্রীত বুমরাহ দ্বিতীয় ইনিংসে পেলেন ৩ উইকেট, ফলে এই টেস্টে তিনি একাই ৯ উইকেট ঝুলিতে পুরলেন।

তৃতীয় দিনের শেষ অবধি ইংল্যান্ডের এই টেস্ট জিততে দরকার ছিল ৩৩২ রান, হাতে ছিল ৯ উইকেট। যদিও আজকের প্রথম সেশনেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়। মধ্যাহ্নভোজের বিরতির আগেই পাঁচটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বেন স্টোকসের দল। ১ উইকেটে ৬৭ রান নিয়ে আজ খেলতে নামে ইংল্যান্ড।
৯৫ রানে দ্বিতীয়, ১৩২ রানে তৃতীয়, ১৫৪ রানে চতুর্থ এবং ১৯৪ রানে পঞ্চম ও ষষ্ঠ উইকেটের পতন ঘটে। লাঞ্চে ইংল্যান্ডের স্কোর গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ১৯৪ রানে। বাকি চারটি উইকেট দ্বিতীয় সেশনেই তুলে নিল ভারত। ফলে বিশাখাপত্তনমে টেস্ট ম্যাচে অপরাজেয় থাকার তকমা ধরে রাখল ভারত।
জ্যাক ক্রলি ও জনি বেয়ারস্টোর জুটি যখন বিপজ্জনক দেখাতে শুরু করেছিল তখন লাঞ্চের সামান্য আগে ক্রলিকে ফেরান কুলদীপ যাদব। ৮টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১৩২ বলে ৭৮ রান করেন ক্রলি। পরের ওভারের দ্বিতীয় বলেই বেয়ারস্টোকে ফেরান বুমরাহ। লাঞ্চের পর স্টোকস খানিকটা গা-ছাড়া মানসিকতা দেখিয়ে শ্রেয়স আইয়ারের থ্রো-এ রান আউট হন।
বেন ডাকেট গতকালই আউট হয়েছিলেন ২৮ রানে। রেহান আহমেদ ও অলি পোপ দুজনেই করেন ২৩। জো রুট ১৬, বেয়ারস্টো ২৬, স্টোকস ১১, বেন ফোকস ৩৬, টম হার্টলি ৩৬, শোয়েব বশির ০ রানে প্যাভিলিয়নে ফেরেন। জেমস অ্যান্ডারসন অপরাজিত থাকেন ৫ রানে। হার্টলিকে বুমরাহ বোল্ড করতেই খতম ইংল্যান্ড।
জসপ্রীত বুমরাহ দ্বিতীয় ইনিংসে ১৭.২ ওভারে ৪টি মেডেন-সহ ৪৬ রান খরচ করে নিলেন ৩ উইকেট। মুকেশ কুমারের ৫ ওভারের ১টি মেডেন, ২৬ রান খরচ করে তিনি শোয়েব বশিরের উইকেটটি পেয়েছেন। কুলদীপ যাদব ১৫ ওভারে ৬০ রান দিয়েছেন, নিলেন ১টি উইকেট।
রবিচন্দ্রন অশ্বিনের ১৮ ওভারে ২টি মেডেন, ৭২ রান দিয়ে তিন উইকেট পান তিনি। অশ্বিনের টেস্টে মোট শিকারের সংখ্যা দাঁড়াল ৪৯৯। রাজকোটে তিনি ৫০০ উইকেটের ক্লাবে নাম লেখাতে পারবেন। অক্ষর প্যাটেল ১৪ ওভার হাত ঘুরিয়েছেন, মেডেন ১টি, ৭৫ রানের বিনিময়ে তিনি একটি উইকেট পেলেন। ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু হবে তৃতীয় টেস্ট।












Click it and Unblock the Notifications