তৃতীয় ওডিআই ম্যাচে বাংলাদেশকে ২২৭ রানে হারাল ভারত, চোখ ধাঁধানো পারফরম্যান্স ঈশান-বিরাটের
তৃতীয় ওডিআই ম্যাচে বাংলাদেশকে ২২৭ রানে হারাল ভারত, চোখ ধাঁধানো পারফরম্যান্স ঈশান-বিরাটের
চট্টোগ্রামে তৃতীয় একদিনের ম্যাচে বাংলাদেশকে রেকর্ড রানে পরাজিত করল ভারত। পর পর দুই ম্যাচ হেরে ওডিআই সিরিজ হাতছাড়া করা ভারতের কাছে তৃতীয় ওডিআই ম্যাচটিতে ছিল হোয়াইটওয়াশ বাঁচানোর লড়াই এবং হারানো আত্মবিশ্বাস টেস্ট সিরিজের আগে কিছুটা ফিরে পাওয়ার চেষ্টা। শেষ পর্যন্ত চট্টোগ্রাম খালি হাতে ফেরাল না ভারতকে। বাংলাদেশকে তৃতীয় ওডিআই ম্যাচে হারাল ২২৭ রানে।

এ দিন ম্যাচের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিল ভারত। চোট পাওয়া নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে সুযোগ পাওয়া ঈশান কিষান এবং প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির চওড়া ব্যাটের উপর নির্ভর করে ৫০ ওভার শেষে ভারতীয় দল তোলে ৪০৯/৮ রান। উল্লেখ্য এই দুই ব্যাটসম্যানের সম্মিলিত রান ৩২৩। ঈশান কিষান করেন ১৩১ বলে ২১০ রান এবং বিরাট কোহলি করেন ৯১ বলে ১১৩ রান।
সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগ এবং রোহিত শর্মার পর ওডিআই ক্রিকেটে চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে এটিন দ্বি-শতরান করলেন ঈশান কিষান। এ দিন ওডিআই ক্রিকেটে দ্রুততম দ্বি-শতরানটিও করেন তিনি। এই তিন ভারতীয় ব্যাটসম্যানের পাশাপাশি তিনি দ্রুততার বিচারে পিছনে ফেলে দেন ক্রিস গেইলের মতো বিস্ফোরক ব্যাটসম্যানকে। ২৪টি চার এবং ১০টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।
অপর দিকে, এই ম্যাচে বিরাট কোহলি ৯১ বলে ১১৩ রানের ইনিংস খেলে পিছনে ফেলে দিলেন রিকি পন্টিংকে। সব ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে বিরাটের আন্তর্জাতিক শতরান সংখ্যা দাঁড়াল ৭২টি। ওডিআই এবং টেস্ট ক্রিকেট মিলিয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং করেছেন ৭১টি শতরান। ওডিআই ক্রিকেটে তিন বছর পর শতরান করলেন বিরাট। ২০১৯ সালের অক্টোবর মাসে শেষ বার ওডিআই ফরম্যাটে শতরান পেয়েছিলেন তিনি। বিরাট এবং ঈশানের উপর ভর করে ৪০৯/৮ রান তোলে ভারত।
জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ১৮২ রানে। ৩৪ ওভারেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের কোনও ব্যাটসম্যানই পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারেননি। একমাত্র ৪৩ রান করেন শাকিব আল হাসান। অধিনায়ক লিটন দাস করেন ২৯ রান। গত দুই ওডিআই ম্যাচের নায়ক মেহদি হাসান মিরাজ করেন তিন রাজ। ইয়াসির আলি এবং মাহমাদুল্লা করেন যথাক্রমে ২৫ রান এবং ২০ রান।
ভারতের হয়ে ৩টি উইকেট পান শার্দূল ঠাকুর। দুইটি করে উইকেট পান উমরান মালিক এবং অক্ষর প্যাটেল, একটি করে উইকেট পান মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর।
ঈশান এবং বিরাট ছাড়া ভারতের অন্যান্য ব্যাটসম্যানরা এই ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেননি।












Click it and Unblock the Notifications