আমেদাবাদ টেস্ট নিষ্প্রাণ ড্র, ভারত সিরিজ জিতল ২-১ ব্যবধানে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বোলিং গিল-পূজারার
আমেদাবাদ টেস্ট প্রত্যাশিতভাবেই ড্র হয়ে গেল। ফলে ভারত সিরিজ জিতল ২-১ ব্যবধানে। দেশের মাটিতে এটি ভারতের টানা ষোড়শ সিরিজ জয়। নাগপুর ও দিল্লি টেস্টে জিতেছিল ভারত, অস্ট্রেলিয়া জেতে ইন্দোরে। এদিন ম্যাচে যবনিকা পড়ার আগেই অবশ্য ভারতের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠা নিশ্চিত হয়ে গিয়েছিল।

আমেদাবাদ টেস্ট ড্র
চতুর্থ দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৬ ওভারে বিনা উইকেটে ৩। আজ মধ্যাহ্নভোজের বিরতিতে অজিদের স্কোর দাঁড়ায় ৩৬ ওভারে ১ উইকেটে ৭৩। চা বিরতিতে স্কোর ছিল ৬৪ ওভারে ২ উইকেটে ১৫৮। এরপর ৭৮.১ ওভারে ২ উইকেটে ১৭৫ রানে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে। তারপর আর ভারত ব্যাট করতে নামেনি। দুই অধিনায়কই ম্যাচ ড্রয়ের ব্যাপারে সম্মত হন। এর ফলে দেশের মাটিতে টানা ১৬টি টেস্ট সিরিজ জিতল ভারত। ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে আজ অবধি ভারত দেশের মাটিতে টেস্ট সিরিজে পরাস্ত হয়নি।

হেড ও লাবুশেনের অর্ধশতরান
অস্ট্রেলিয়া আজ দিনের প্রথম ওভারের চতুর্থ বলে প্যাভিলিয়নে ফেরায় ম্যাথু কুহনেম্যানকে। উসমান খোয়াজা ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন। তাঁর জায়গায় অজি স্পিনার ওপেন করতে নেমেছিলেন। ৩৫ বলে ৬ রান করে তিনি রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগ বিফোর হন। এরপর ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন অস্ট্রেলিয়ার ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। ভারত প্রথম ইনিংসে ৯১ রানের লিড পেয়েছিল। অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট পড়ে ৫৯.১ ওভারে ১৫৩ রানে। ১০টি চার ও ২টি ছয়ের সাহায্যে হেড ১৬৩ বলে ৯০ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন। সাতটি চারের সাহায্যে ২১৩ বলে ৬৩ রানে লাবুশেন ও ২টি চারের সাহায্যে ৫৯ বলে ১০ রানে স্টিভ স্মিথ অপরাজিত থাকেন।

অশ্বিন রইলেন লিয়ঁর পিছনে
রবিচন্দ্রন অশ্বিন ২৪ ওভারে ৯টি মেডেন-সহ ৫৮ রানের বিনিময়ে ১টি উইকেট পেয়েছেন। তবে বর্ডার-গাভাসকর ট্রফিতে সর্বাধিক উইকেট দখলের নিরিখে নাথান লিয়ঁকে টপকাতে পারলেন না অশ্বিন। ভারত-অস্ট্রেলিয়া টেস্টে ২৬ ম্যাচে লিয়ঁর উইকেট ১১৬টি, অশ্বিনের রইল আপাতত ২২ ম্য়াচে ১১৪ উইকেট। অক্ষর প্যাটেল করেন ১৯ ওভার, ৮টি মেডেন, ৩৬ রান দিয়ে তিনিও একটি উইকেট সংগ্রহ করেন। প্রথম ইনিংসে শ্রেয়স আইয়ারকে দিয়ে বোলিং করিয়েছিলেন রোহিত শর্মা। আজ শুভমান গিল ১.১ ওভার হাত ঘোরান, ১ রান দিয়েছেন। চেতেশ্বর পূজারা ১ ওভারে ১ রান দেন। ম্যাচের সেরা বিরাট কোহলি। সিরিজ সেরার পুরস্কার যুগ্মভাবে পেলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

খুশি ভারতীয় কোচ
গোটা সিরিজে ভারত যেভাবে লড়াই চালিয়েছে তাতে খুশি ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। বিশেষ করে দিল্লি ও আমেদাবাদ টেস্টের তৃতীয় দিনে কামব্যাকের কথা উল্লেখ করেছেন তিনি। দ্রাবিড় জানান, এদিন তাঁরাও নজর রেখেছিলেন ক্রাইস্টচার্চ টেস্টের দিকে। আইপিএল ফাইনালের এক সপ্তাহ পরেই ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যথাসময়েই পরিকল্পনা চূড়ান্ত করার কথা জানান দ্রাবিড়। শুভমান গিল যেভাবে টি ২০, একদিনের আন্তর্জাতিকের পর টেস্টেও শতরান করে দলকে ভরসা দিলেন তার প্রশংসা করেন ভারতীয় কোচ।












Click it and Unblock the Notifications