১৯ বছর আগের ২২ মার্চ অজিদের বিরুদ্ধে কোন ঐতিহাসিক জয় পেয়েছিল সৌরভের ভারত
১৯ বছর আগের ২২ মার্চ অজিদের বিরুদ্ধে কোন ঐতিহাসিক জয় পেয়েছিল সৌরভের ভারত
সালটা ২০০১। মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম টেস্ট হেরেছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়া দ্বিতীয় টেস্টে ফলো-অন খেয়েও দুর্দান্ত ভাবে শুধু ফিরে আসা নয়, ম্যাচ জিতে স্টিভ ওয়া নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে ধাক্কা দিয়েছিল টিম ইন্ডিয়া। চেন্নাই-র চিপক স্টেডিয়ামে তৃতীয় টেস্ট জিতে বিশ্ব ক্রিকেটে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট দল। ১৯ বছর আগের ২২ মার্চ এহেন কীর্তি গড়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির।

টসে জিতে ব্যাটে অস্ট্রেলিয়া
ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতীয় অফ স্পিনার হরভজন সিং-র ক্যারিশমায় দলের বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও ২০৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন অজি ওপেনার ম্যাথু হেডেন। প্রথম ইনিংসে ৩৯১ রান তুলেছিল অস্ট্রেলিয়া। ওই ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন ভাজ্জি।

ভারতের জবাব
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৫০১ রান করেছিল ভারত। ১২৬ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ৮১ ও ৬৫ রান করেছিলেন যথাক্রমে রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস
ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২৬৪ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ওই ইনিংসে ৮ উইকেট নেন ভারতীয় স্পিনার হরভজন সিং। অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৫৭ রান করেন মার্ক ওয়া।
|
ভারতের জয়
চতুর্থ ইনিংসে ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আট উইকেট হারিয়ে ফেলে ভারত। তা সত্ত্বেও ম্যাচ জেতা টিম সৌরভ গঙ্গোপাধ্যায়। ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজও জিতে নেয় ভারত। ১৯ বছর আগের ২২ মার্চ ঘটেছিল এই ঐতিহাসিক ঘটনা।












Click it and Unblock the Notifications