ভারত-নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ড্র হলে কী উপায়? জানতে অপেক্ষা দুই দলের
এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের 'প্লেয়িং কন্ডিশন'-এর অপেক্ষায় ভারত ও নিউজিল্যান্ড
আর ঠিক এক মাস পরে ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। হাই-ভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। যদিও সেই যুদ্ধের আগে দুই দল জানেই না যে ম্যাচের 'প্লেয়িং কন্ডিশন' কী হতে চলেছে। আইসিসি-র তরফে এ ব্যাপারে এখনও কোনও তথ্য দেওয়া হয়নি বলে বিসিসিআই সূত্রে খবর।

সাউদাম্পটনের এজাস বউলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে জুন মাসে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে। বর্ষণে পুরো ম্যাচ ধুয়ে গেলে বিকল্প ব্যবস্থা কী আছে, তা জানতে চায় দুই দল। ড্র কিংবা টাই হলে ম্যাচের ফয়সলা কীভাবে নির্ধারণ করা হবে, সে ব্যাপারে আইসিসি-র তরফে এখনও কোনও তথ্য সরবরাহ করা হয়নি বলেও জানিয়েছেন এক বিসিসিআই কর্তা। কবে তা জানানো হবে, তা নিয়েও বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা স্পষ্টভাবে কিছু জানাতে পারেনি বলে খবর।
২ জুন ইংল্যান্ডের বিমান ধরবেন বিরাট কোহলিরা। ১৮ জুন সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে টিম ইন্ডিয়া। ২২ জুন পর্যন্ত প্রতিযোগিতা চলার কথা। অগাস্টে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। তা সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা।
ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে ভারতীয় ক্রিকেটারদের মুম্বইয়ে ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের বাড়ি থেকেই নিজের ও পরিবারের প্রতি সদস্যের কমপক্ষে দুটি কোভিড ১৯ নেগেটিভ রিপোর্ট নিয়ে মুম্বই পৌঁছতে হবে। ভারত ছাড়ার আগে টিম ইন্ডিয়ার প্রতি সদস্যের অন্তত আরও দুটি কোভিড ১৯ টেস্ট করা হবে। এত কড়াকড়ির বাধা টপকে ইংল্যান্ডে পৌঁছেও বিরাট কোহলিদের অন্তত সাত দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ও আঁটোসাঁটো করা হয়েছে। সেই নিয়ম খানিকটা শিথিল করার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআইয়ের লাগাতার আলোচনা চলছে বলে এক সূত্র মারফত জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications