চেন্নাইয়ে ভারতীয় ক্রিকেটারদের কোভিড টেস্ট, দ্বিতীয় টেস্টে দর্শক থাকা নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড
চেন্নাইয়ে ভারতীয় ক্রিকেটারদের কোভিড টেস্ট, দ্বিতীয় টেস্টে দর্শক থাকা নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড
অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের ধারা অব্যাহত রাখতে দেশের মাটিতে এবার টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত (Indian Cricket Team)। প্রতিপক্ষ ইংল্যান্ড (England)। চেন্নাইয়ে প্রথম টেস্ট (Chennai Test) শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে। তার আগে আগামীকাল দুই দলই জোরকদমে প্রস্তুতিতে নেমে পড়বে। চেন্নাই পৌঁছে দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা ৬ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ছিলেন। ভারতীয় দলের তরফে জানানো হয়েছে, সকলের তিন দফায় আরটি-পিসিআর পরীক্ষা হয়েছে, সকলেই উত্তীর্ণ হয়েছেন। বায়ো বাবল থেকে বেরিয়ে আজ বিকেলে চিপকে গা ঘামানোর কথা রয়েছে ভারতীয় দলের। নেট সেশন হবে আগামীকাল। কাল দুপুর নাগাদ অনুশীলন শুরুর কথা ইংল্যান্ডের।

ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে বোর্ডের দিকে
দেশের মাটিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ। তবে ভারত-ইংল্যান্ড (India-England)টেস্ট সিরিজের প্রথম টেস্টে মাঠে দর্শক ও সংবাদমাধ্যমের প্রবেশাধিকার নেই। সদ্যসমাপ্ত সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টেও সব মাঠেই এই নিষেধাজ্ঞা বজায় ছিল। তবে দ্বিতীয় টেস্ট থেকে এই নিয়মে শিথিলতা আসার সম্ভাবনা আছে। তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (TNCA) এক্ষেত্রে হাতিয়ার করছে কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের তরফে জারি করা নির্দেশিকায়। নির্দেশিকায় বলা হয়েছে, আউটডোর স্পোর্টসের ক্ষেত্রে মাঠে ৫০ শতাংশ দর্শক রাখা যাবে। এই মর্মে অনুরোধ জানানো হয়েছে বিসিসিআই (BCCI)-কেও। তাই ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে বোর্ডের সিদ্ধান্তের দিকে।

ভাবনাচিন্তা করছে বিসিসিআই
তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে বোর্ডকে বলা হয়েছে, ১৩ ফেব্রুয়ারি থেকে যে দ্বিতীয় টেস্ট শুরু হবে তাতে ৫০ শতাংশ দর্শকদের মাঠে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হোক। এই আবেদন নিয়ে চিন্তাভাবনা চালাচ্ছে বিসিসিআই। সূত্রের খবর, দ্বিতীয় টেস্টে মাঠে ৫০ শতাংশ দর্শক রাখা্র অনুমতি দেওয়া হবে। এমনকী ওই টেস্ট থেকেই মাঠে প্রবেশাধিকার পাবেন সাংবাদিকরা। ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টও তাকিয়ে রয়েছে বোর্ডের পদক্ষেপের দিকে। যে সিদ্ধান্তই হোক না কেন, সকলের স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে।

কেমন হবে চিপকের পিচ?
চিপকের কিউরেটর ভি রমেশ কুমার যখন টেস্ট উইকেট বানানোর ডাক পান তিনি অবাক হয়েছিলেন। একটি ক্রিকেট আকাদেমি চালালেও এমনিতে তিনি একজন বস্ত্র ব্যবসায়ী। তবে চ্যালেঞ্জ নিয়ে দ্রুত নিজেকে রপ্ত করেছেন কিউরেটরের যাবতীয় কাজ। তিনি জানালেন, স্পোর্টিং উইকেট হবে। দুরকম পিচ তৈরি রাখা হলেও একটিতে সবুজ আভা থাকবে। প্রথম দিন ফাস্ট বোলাররা সুবিধা পাবেন। দ্বিতীয় ও তৃতীয় দিন হবে ব্যাটিং ফ্রেন্ডলি। চতুর্থদিন থেকে পিচে সুবিধা পেতে শুরু করবেন স্পিনাররা। সবমিলিয়ে প্রাণবন্ত খেলা হবে বলেই জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications